৩৪ রেলক্রসিংয়ে গেটম্যান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তাহার-লালমনিরহাট রেলপথে গাইবান্ধার শালমারা থেকে হাসানগঞ্জ রেলস্টেশন পর্যন্ত ৩৪টি রেলক্রসিংয়ে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। নেই কোনো গেটম্যান। ঝুঁকি নিয়ে এসব ক্রসিংয়ের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। গাইবান্ধা রেলস্টেশন সূত্র জানায়, সান্তাহার-লালমনিরহাট রেলপথের ১১টি রেলস্টেশন গাইবান্ধা জেলার সীমানায় পড়েছে। এগুলো হচ্ছে শালমারা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা, কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ। শালমারা থেকে হাসানগঞ্জ রেলস্টেশন পর্যন্ত ৫৪টি রেলক্রসিং আছে। এর মধ্যে ২০টিতে গেটম্যান ও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। বাকি ৩৪টিতে গেটম্যান কিংবা কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। বিশেষ করে গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম ২ নম্বর রেলক্রসিংয়ের অবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ। রেলক্রসিং-সংলগ্ন ব্যবসায়ীরা গেটম্যান নিয়োগের জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো কাজ হয়নি। ঝুঁকি এড়াতে এ রেলক্রসিংয়ে গাইবান্ধা পৌরসভার উদ্যোগে অস্থায়ীভাবে লোক নিয়োগ করা হয়েছে। গেটম্যান আকালু মিয়া বলেন, ‘ট্রেন আসার সময় ক্রসিংয়ের একপাশে বাঁশ ধরে কোনোমতো কাজ চালাচ্ছি। অপর পাশের গাড়ি আটকানোর জন্য ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে দুঘর্টনা ঘটছে।’ রেলক্রসিংসংলগ্ন কলেজ রোডের কম্পিউটার ব্যবসায়ী কায়সার রহমান বলেন, ‘বর্তমানে ট্রেন চলাচলের সময় একপাশে বাঁশ দিয়ে যানবাহন আটকানো হচ্ছে। তার পরও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ, জেলা শহরে যানবাহনের যে চাপ, তাতে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা দরকার।’ শহরের বাইরের কয়েকটি রেলক্রসিং ঘুরে দেখা গেছে, যানবাহন পারাপারের ঝুঁঁকিপূর্ণ দৃশ্য। মহিমাগঞ্জ রেলস্টেশনের অদূরে গোবিন্দগঞ্জ উপজেলার বামনহাজরা এলাকার রেলক্রসিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বামনহাজরা গ্রামের স্কুলশিক্ষক সুজা মিয়া বলেন, ‘সড়কপথে গাইবান্ধা থেকে বোনারপাড়া, বামনহাজরা রেলক্রসিং হয়ে গোবিন্দগঞ্জের দূরত্ব ২০ কিলোমিটার কম। এ কারণে এই পথ ধরে অনেক হালকা যানবাহন চলাচল করে। কিন্তু রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা নেই। নিজ দায়িত্বে পারাপার হতে হচ্ছে।’ ত্রিমোহিনী স্টেশনের পাশে ত্রিমোহিনী বাজার রেলক্রসিংয়ের অবস্থাও করুণ। সদর উপজেলার ত্রিমোহিনী গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল মালেক বলেন, ‘গেটম্যান না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।’ কুপতলা স্টেশনের দক্ষিণ পাশের রেলক্রসিং দিয়ে গাইবান্ধা সদর ও সাদুল্যাপুর উপজেলার অসংখ্য যানবাহন চলাচল করে। পশ্চিম কুপতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ জানান, গত বছর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক টেম্পোচালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এখনো রেল কর্তৃপক্ষ এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নিচ্ছে না। গাইবান্ধা রেলস্টেশন মাস্টার আবদুল ওয়াহেদ বলেন, রেলক্রসিংয়ে নিরাপত্তা না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। তার পরও কর্তৃপক্ষকে বারবার জানানো হচ্ছে। সান্তাহার-লালমনিরহাট রেলপথের বামনডাঙ্গা উপবিভাগীয় প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) দীপক কুমার সিংহ বলেন, ‘বর্তমানে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। ফলে উন্মুক্ত রেলক্রসিংগুলো নিয়ে আমরাও উৎকণ্ঠায় আছি। এসব রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং লোকবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হচ্ছে।’