দারিদ্র্য, অশিক্ষা এবং সচেতনতার অভাবে মানুষ অবৈধভাবে সাগরপথে বিদেশে যায়। এদের বেশির ভাগই জমি বিক্রি করে বিদেশ যায় বলে মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়।
গতকাল সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ‘সমুদ্রপথে অবৈধভাবে অভিবাসনের কারণ, ধরন এবং উত্তরণের পথ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৮ থেকে ৩১ বছর বয়সী ব্যক্তিরা অবৈধভাবে বিদেশে গেছেন। তাঁদের ৯৮ শতাংশেরও বেশি পুরুষ। প্রায় ৩৪ শতাংশ বিদেশ গেছেন জমি বিক্রি করে। বিদ্যালয়ে প্রাথমিক পর্যায় পর্যন্ত পড়েছেন ৩৬ শতাংশ।
গবেষণায় কুমিল্লা, কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার অভিবাসীদের নিয়ে কাজ করা হয়েছে।
প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অবৈধ অভিবাসন প্রতিরোধে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া অভিবাসীদের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এবারের সভাপতি বাংলাদেশ। ডিসেম্বরে নবম সম্মেলনের মাধ্যমে জার্মানিকে সভাপতির পদ দেওয়া হবে। জার্মানির কাছে আরও সহযোগিতা পাওয়া যাবে।
বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেন, সাম্প্রতিক কিছু কিছু ঘটনা ঘটেছে যা বিব্রতকর। এসব বন্ধে কাজ চলছে।