৩৪ শিক্ষকের মধ্যে আছেন ১৫ জন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৩৪ জন শিক্ষকের স্থলে ১৫ জন কর্মরত আছেন। দুটি বিদ্যালয়েরই নেই প্রধান শিক্ষক।বিদ্যালয় সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র নারায়ণ বালক উচ্চবিদ্যালয় ১৯০৫ সালে এবং অলদিনী বালিকা উচ্চবিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালের ৮ সেপ্টেম্বর বিদ্যালয় দুটিকে জাতীয়করণ করা হয়।নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংখ্যা ১৮ জন হলেও কর্মরত আছেন মাত্র আটজন। এ বিদ্যালয়ে ছাত্রসংখ্যা ৪৭৬। সহকারী শিক্ষক আঞ্জুয়ারা বেগম ১ জানুয়ারি থেকে প্রেষণে এক বছরের প্রশিক্ষণে আছেন। সহকারী শিক্ষক সঞ্জীব কুমার রায়কে গত ৯ ডিসেম্বর প্রেষণে রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে।অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংখ্যা ১৬ হলেও কর্মরত আছেন মাত্র সাতজন। বিদ্যালয়টিতে ছাত্রীসংখ্যা ৩৩৮। সহকারী শিক্ষক রাশিউল আলম ১ জানুয়ারি থেকে প্রেষণে এক বছরের প্রশিক্ষণে আছেন। সহকারী শিক্ষক রাবেয়া খাতুনকে গত বছরের ১ নভেম্বর প্রেষণে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুলে বদলি করা হয়েছে।এ ছাড়া বিদ্যালয় দুটিতে কোনো কম্পিউটার শিক্ষকের পদ নেই। নেই অফিস সহকারী। সহকারী শিক্ষকদেরই এসব কাজ করতে হচ্ছে। শিক্ষকের অভাবে প্রতি শ্রেণীর দুটি করে শাখা একীভূত করে ক্লাস নেওয়া হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের বসার আসন ও শ্রেণীকক্ষে পর্যাপ্ত ফ্যান না থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়।নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের তিনতলা ভবনে ১৮টি শ্রেণীকক্ষ এবং ল্যাবরেটরি আছে। কিন্তু ছাত্রদের জন্য কমন রুম, বসার আসন, মিলনায়তন, লাইব্রেরি ও শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা নেই। দূরের ছাত্রদের আবাসিক ব্যবস্থাও নেই। বিদ্যালয়ের ডরমেটরি ভবন ও প্রধান শিক্ষকের জন্য বাসভবন নেই। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারীর পাঁচটি পদের মধ্যে দুটি শূন্য রয়েছে। বিদ্যালয়ের শৌচাগার রক্ষণাবেক্ষণের জন্য নেই কোন পরিচ্ছন্নতাকর্মী। প্রায় একই অবস্থা অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েরও।দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, এ নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় সভায় একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশেকুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষকসংকটসহ অন্যান্য সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই কথা বলেন অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু আলম মো. আতাউর রহমান।জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন বলেন, ‘শিক্ষক নিয়োগ বা বদলির ক্ষমতা আমার নেই।’