৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। তাঁরা বলেছেন, ওই শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।এদিকে গতকাল বিকেলে এক নোটিশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মানববন্ধন ও জটলা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষর্থীরা গতকাল সকালে শাস্তি প্রত্যাহারের দাবিতে ছাত্রবিষয়ক পরিচালকের মাধ্যমে উপাচার্যের বরাবর স্মারকলিপি দেন। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন। সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচিতে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও যোগ দেন। শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত তাঁরা পানিও স্পর্শ করবেন না।এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম স্থগিত করার ঘটনার নিন্দা জানিয়েছে খুলনার আঞ্চলিক আবৃত্তি সমন্বয় মঞ্চ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা শফিকুর রহমান স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি না থাকায় সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।রেজিস্ট্রার গাজী আব্দুল্লাহেল বাকী সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৫ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় কর্তৃপক্ষ ৩৪ শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেয়।