বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে প্রশাসনিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে শিক্ষক কমে যাওয়ায় পাঠদান বিঘ্নিত হচ্ছে বলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অভিযোগ করেছেন।
দুপচাঁচিয়া ও কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, দুপচাঁচিয়ায় ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি ও কাহালুতে ১১৪টি বিদ্যালয়ের ১৯টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এসব বিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিদ্যালয়ে তিনজন শিক্ষকও রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে প্রশাসনিক কাজ করায় পাঠদান ব্যাহত হচ্ছে।
দুপচাঁচিয়ার জলঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষকের একজন রওশন আরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। তিনি বলেন, ‘আগের চেয়ে প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কাজ বেড়ে গেছে। সারাক্ষণই এই তথ্য, ওই তথ্য, মাসিক সভা ও বিভিন্ন বিল নিয়ে অফিসে যোগাযোগ করতে হচ্ছে। প্রায় সাত বছর হলো প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় তিনজন শিক্ষক দিয়ে একসঙ্গে পাঁচটি ক্লাস করা যায় না। তাই দুই শিফটে ক্লাস নিতে হয়। এ কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীও কমে গেছে। এখন বিদ্যালয়ে মোট ৭৪ জন শিক্ষার্থী আছে। জলঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘সাত বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। স্কুলে তিনজন শিক্ষককে দিয়ে ক্লাস চালানো যায় না। এর মধ্যে একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় ঠিকমতো ক্লাস হয় না। আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একজন শিক্ষক চেয়েও আজ পর্যন্ত কোনো সুরাহা পাইনি।’ কাহালুর গন্ধীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মোস্তফা মুঠোফোনে বলেন, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের শৃঙ্খলা থাকে না।
দুপচাঁচিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নেই। আবার সহকারী শিক্ষকদের পদোন্নতিও বন্ধ। এ জন্য দাপ্তরিক কাজ করার জন্যই সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে।’ একই কথা বলেন কাহালু উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারোয়ার জাহান।