প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হতে ইচ্ছুক ব্যক্তিদের অপেক্ষা শেষ হচ্ছে। ৩৪তম বিসিএসের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সরকারি কর্মকমিশন (পিএসসি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।পিএসসি সূত্রে জানা গেছে, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডার মিলিয়ে ৩৪তম বিসিএসে দুই হাজার ৫২টি পদ রয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডার ৪৪২টি। সাধারণ ক্যাডারের মধ্যে এবার পুলিশ ক্যাডারে ৮০ জন সহকারী পুলিশ সুপার নিয়োগের জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে কম। প্রশাসন ক্যাডারে পদ থাকছে ২০০টি। এবার পররাষ্ট্র ক্যাডারে পদ ২৫টি। গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি।অন্যান্য ক্যাডারের মধ্যে আনসারে ২২ জন, নিরীক্ষায় পাঁচজন, কর বিভাগে ৩৭ জন, সমবায়ে তিনজন, ইকোনমিকে ১৩ জন, খাদ্যে পাঁচজন, তথ্যে ৩৯ জন, পরিবার পরিকল্পনায় ১০ জন ও ডাকে তিনজন কর্মকর্তা নিয়োগ করা হবে।কারিগরি ক্যাডারের মধ্যে চিকিৎসক হিসেবে ২৭২ জন ও ডেন্টালে ৫৫ জন নিয়োগ দেওয়া হবে। জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত বছরের মতো এবারও অনলাইনে নিবন্ধন করতে হবে। ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আগামী ১৯ মার্চ সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।পিএসসি জানিয়েছে, অনলাইনে নিবন্ধনের জন্য গতবারের ঝামেলা এড়াতে এবার শেষ মুহূর্তে নিবন্ধনের ক্ষেত্রে টাকা জমা দেওয়ার সময় তিন দিন বাড়ানো হয়েছে। যাঁরা ১৯ মার্চ সন্ধ্যা ছয়টার মধ্যে নিবন্ধন করবেন, তাঁরা আগামী ২২ মার্চ রাত নয়টার মধ্যে মুঠোফোনে টাকা জমা দিতে পারবেন।তবে পরীক্ষা নিয়ন্ত্রক শুরুর দিকেই নিবন্ধন ও টাকা জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিয়েছেন পরীক্ষার্থীদের। পিএসসি জানিয়েছে, এবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের পাশাপাশি রংপুরেও পরীক্ষাকেন্দ্র করা হচ্ছে।