৩৪তম বিসিএসের ফল কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান, সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষাসচিব, আইনসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ নয়জন বিবাদীকে।
বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ নূর উস সাদিক বলেন, ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চৌধুরী জাফর শরীফ ও আল মাসুম রিফাত ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ কেন অবৈধ নয়, তা নিয়ে গত সপ্তাহে এই রিট আবেদন করেন। গতকাল তার শুনানি শেষে আদালত এই রুল জারি করেছেন।
নূর উস সাদিক বলেন, ‘আমরা আদালতকে বলেছিলাম, ৩৪তম বিসিএস পরীক্ষার ফলে মেধা ও কোটা আলাদাভাবে করা হয়নি। একীভূত করে এ ফল প্রকাশ করা হয়েছে, যা আইনসংগত নয়। আবার নিয়মানুযায়ী প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ পরীক্ষার্থীকে চাকরি দিতে হবে, সে হিসাবে ২১ জন প্রতিবন্ধীর নিয়োগ পাওয়ার কথা। কিন্তু মাত্র তিনজনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। আমরা আদালতকে আরও বলেছিলাম, যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও ৪০৪টি পদ শূন্য রাখা হয়েছে।’
নূর উস সাদিক বলেন, গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন। প্রথা অনুযায়ী, মেধাক্রম ও কোটা আলাদা করে ফল প্রকাশ করা হয়ে থাকে। এবার তা না করে মেধাক্রম ও কোটা একীভূত করে ফল প্রকাশ করা হয়েছে।