৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৯৮২২ জন উত্তীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ফল প্রকাশ করা হয়।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।
২ হাজার ৫২টি পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। ৮ জুলাই এর ফল প্রকাশিত হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
তবে সেবারই প্রথম প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন, অন্যদিকে অপেক্ষাকৃত কম নম্বর পেয়েও আদিবাসী ও মুক্তিযোদ্ধার সন্তানদের কোটায় অনেকে উত্তীর্ণ হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি।
১৪ জুলাই আগের মতো প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশ হয়। এতে মোট ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এতে বাদ পড়া ২৮০ জন আদিবাসী রিট করেন। এই রিটের কারণে লিখিত পরীক্ষা শুরু হতে দেরি
হয়। পরে আদালতের নির্দেশে ওই ২৮০ জনসহ উত্তীর্ণদের লিখিত পরীক্ষা চলতি বছরের মার্চে শুরু হয়।