৩৪২ বোতল ফেনসিডিলসহ বিচারক গ্রেপ্তার
রাজধানীর ইডেন কলেজের সামনে থেকে গতকাল শনিবার রাতে ৩৪২ বোতল ফেনসিডিলসহ এক বিচারককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাবেদ ইমাম নামের ওই বিচারক ভোলায় জ্যেষ্ঠ সহকারী জজ হিসেবে কর্মরত। পুলিশ এ ঘটনায় একটি মাইক্রোবাস ও একটি পিস্তল জব্দ করেছে। তবে জাবেদের দাবি, পিস্তলটি লাইসেন্স করা। নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে সাতটার দিকে ইডেন কলেজের সামনে থেকে মাইক্রোবাসসহ জাবেদকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসে দুটি বস্তায় থাকা ৩৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জাবেদের দেহ তল্লাশি করে কয়েকটি গুলিসহ একটি পিস্তলও উদ্ধার করা হয়। পরে তাঁকে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। নিউমার্কেট থানায় রাত ১০টার দিকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে পুলিশ। সেখানে জাবেদ ফেনসিডিল বহনের কথা স্বীকার করেন। তিনি বলেন, যশোর সদর থেকে নিজেই মাইক্রোবাস চালিয়ে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন। এগুলো লিংকন নামের একজনকে দেওয়ার কথা ছিল। মুঠোফোনে লিংকনের নির্দেশনা অনুযায়ী ঢাকার বিভিন্ন স্থান ঘুরে অবশেষে ইডেন কলেজের সামনে যান তিনি। জাবেদ ২০০৮ সালের ২২ মে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পর কুষ্টিয়া ও পরে যশোরের আদালতে কর্মরত ছিলেন। চলতি বছরের ৮ নভেম্বর ভোলার আদালতে জ্যেষ্ঠ সহকারী জজ হিসেবে নিয়োগ পান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) নূরুল ইসলাম বলেন, ‘আসলে কত বোতল ফেনসিডিল আনা হয়েছিল এবং পিস্তলটি আসলেই লাইসেন্স করা কি না, তা আমরা খতিয়ে দেখছি। সুমন ও লিংকন বলে যে নামগুলো জাবেদ বলেছেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’