
বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। তিন বছর ধরে এই অবস্থায় চলাচল করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য ও যাত্রীবাহী যানবাহন। অথচ এই সময়ে সড়কটি সংস্কারে ২৯ কোটি ১৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, মাদারীপুরের মস্তফাপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার পর্যন্ত ৬৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটির শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজার থেকে আলুর বাজার পর্যন্ত ৩৫ কিলোমিটার। ২০০০ সালে সড়কটি চালু করা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পণ্যবাহী যানবাহন শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে এই সড়ক দিয়ে সহজে চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। অন্যথায় তাদের ঢাকা হয়ে চট্টগ্রামে যেতে হয়। সড়কটির ৩৫ কিলোমিটার বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী। অথচ এটি সংস্কারে ২০১৪ সালে ২৩ কোটি, ২০১৬ সালে ৩ কোটি ১৪ লাখ ও ২০১৭ সালে তিন কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু তেমন কোনো উন্নতি হয়নি। ৩৫ কিলোমিটারজুড়ে খানাখন্দ আর ছোট-বড় গর্ত রয়েছে। বিভিন্ন স্থানে বিটুমিন ও ইট উঠে মাটি বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয়। গর্তে গাড়ি আটকে থাকে। তখন ঘণ্টার পর ঘণ্টা যানবাহন বন্ধ থাকে। আবার কাদা শুকিয়ে ধুলার সৃষ্টি হয়। ধুলার কারণে সড়ক দিয়ে চলাচল করতে কষ্ট হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শরীয়তপুর-চাঁদপুর আলুর বাজার ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সাত্তার বলেন, সড়কটি বেহাল থাকায় যানবাহন চলাচল কমে গেছে। আগে ঘাটে গাড়ির চাপ থাকত। এখন আর আগের মতো যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে না।
গত শনিবার ও সোমবার আংগারিয়া বাজার থেকে আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের কাদার মধ্য দিয়ে পণ্য ও যাত্রীবাহী গাড়ি চালাতে চালকদের সমস্যা হচ্ছে। ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর এলাকায় শনিবার একটি পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা যায়। ট্রাকের মালামাল নামিয়ে সড়ক থেকে সেটি সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় লাগে। ওই সময় সেখানে যানবাহন চলাচল বন্ধ ছিল। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রুদ্রকর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক গর্তে উল্টে যায়। তখন সেখানে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে পণ্যসামগ্রী নিয়ে চট্টগ্রামে নিয়মিত যাতায়াত করেন ট্রাকচালক দিদারুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ পথে আমার চট্টগ্রাম পৌঁছাতে ২৪ ঘণ্টা লাগে। কিন্তু এখন ৪৮ ঘণ্টা লাগছে। ৩৫ কিলোমিটার সড়ক চলতে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। শরীর ব্যথা হয়ে যায়। ভেঙে যায় গাড়ির যন্ত্রাংশ।’
খুলনা থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের কোম্পানির ১০টি ট্রাক এ পথ দিয়ে চলাচল করত। এক বছর আমরা এ পথে চলাচল বন্ধ করে দিয়েছি। দ্রুত চট্টগ্রামে যেতে হবে এ কারণে মালিককে না জানিয়ে আমি এ পথে এসেছি।’
বাগেরহাটের মোল্লারহাট এলাকার মাছ ব্যবসায়ী মিয়াচাঁন সরদার বলেন, ‘তাঁর দুটি গাড়ি এ পথ দিয়ে চট্টগ্রামে চলাচল করে। ঢাকা হয়ে চলাচল করলে খরচ ও সময় বেশি লাগে। তাই অল্প সময়ে কম খরচে যাতায়াত করার জন্য এ সড়ক আমাদের কাছে জনপ্রিয়। কিন্তু তিন বছর যাবৎ সড়কটি দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। প্রতিটি ট্রিপ ঘুরে আসার পরই গাড়ির যন্ত্রাংশের সার্ভিসিং করতে হয়।’
শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ দাস গুপ্ত বলেন, ‘সড়কটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। প্রতিবছরই সংস্কার করতে হচ্ছে। চলাচলের উপযোগী করে রাখতে কিছু স্থানে সংস্কার করা হচ্ছে। মাঝে মাঝে আমাদের কর্মীরা গর্তে ইট-বালু দিয়ে যানবাহন চলাচল করার ব্যবস্থা করছে।’
সওজের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল আলম প্রথম আলোকে বলেন, সংস্কার করে সড়কটির দৈর্ঘ্য ১৮ ফুট থেকে ২৪ ফুট এবং দুই লেনের করা হবে। বাঁকগুলো সোজা করতে হবে। ব্রিজ-কালভার্ট বানাতে হবে। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। সড়কটি থেকে মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে কমানোর জন্য চেষ্টা চলছে। সবাইকে একটু অপেক্ষা করতে হবে।