জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিধিবহির্ভূতভাবে কর রেয়াত দেওয়া, মূল্য সংযোজন কর (ভ্যাট) অফিসে প্রকৃত হিসাব জমা না দেওয়া, প্রকৃত উৎপাদনের চেয়ে কম উৎপাদন দেখানো এবং অনুমোদিত দামের চেয়ে কম দামে পণ্য খালাসের সুযোগ দেওয়ায় সরকারের ৩৫ কোটি ৮৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২০০৮-০৯ অর্থবছরের হিসাব-সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের নিরীক্ষা আপত্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এসব আপত্তি নিয়ে আলোচনা হয়। কমিটি অনাদায়ী টাকা আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে বলেছে। সংসদ সচিবালয় এ তথ্য জানায়।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, রাজস্ব বোর্ড বিধিবহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে রেয়াত দেওয়ায় সরকারের ১৪ কোটি ৬৪ লাখ ৯১ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া আমদানি করা উপকরণ উৎপাদনে ব্যবহার না করায় এক কোটি ৩৯ লাখ, আয়কর অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানের বাৎসরিক হিসাব বিবরণীতে দেখানো বিক্রি অপেক্ষা ভ্যাট অফিসে কম বিক্রি দেখানোয় এক কোটি ৯৮ লাখ টাকা, প্রকৃত উৎপাদন অপেক্ষা কম উৎপাদন দেখানোয় আট কোটি ৪৭ লাখ, বিভিন্ন অনিয়মের মাধ্যমে ভ্যাট পরিশোধে ছয় কোটি ৭৮ লাখ, অনুমোদিত মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য খালাস করায় দুই কোটি টাকা এবং গ্রিন লাইন পরিবহন ভ্যাট কম পরিশোধ করায় সরকারের ৫৪ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। কমিটি এসব আপত্তি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করতে বলেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, অনাদায়ী টাকা আদায় করতে গিয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তারা বেশ কিছু প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি বলে প্রতিবেদন দিয়েছে। সংসদীয় কমিটি এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমান উল্লাহ, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, আফছারুল আমীন, গোলাম দস্তগীর গাজী, রেবেকা মমিন ও শামসুল হক অংশ নেন।