রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের বিপুল সম্পদ ও আর্থিক দুর্নীতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারদলীয় এই সাংসদ এনামুল হকের মালিকানাধীন এনা প্রোপার্টিজ আয়কর দাখিলের সময় এক নিরীক্ষা প্রতিবেদন এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময়ের ভিন্ন নিরীক্ষা প্রতিবেদন দাখিল করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক।
দুদকের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, এনামুল হক ২০০৮-০৯ করবছরে ৩১ কোটি ৮৯ লাখ টাকা এবং ২০১২-১৩ করবছরে তাঁর দুই ছেলের নামে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ থেকে তিন কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকায় মোট তিন কোটি ২৯ লাখ ৯০ হাজার শেয়ার কিনলেও তিনি তা দাখিল করা আয়কর বিবরণীতে উল্লেখ করেননি। সব মিলিয়ে তিনি মোট ৩৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। এই অর্থকে কালো টাকা বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা।
তবে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে এনামুল হক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘এটি এনা প্রোপার্টিজের হিসাব বিভাগ ভালো বলতে পারবে, এ বিষয়টি আমার ঠিক জানা নেই।’ আর আয়করে সম্পদের তথ্য গোপনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘প্রতিবছর নিয়ম মেনে সরকারকে কর দেই।’
গতকাল দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক যতন কুমার রায় কমিশনে প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে এনামুলের স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশনের কাছে সুপারিশের আবেদন করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, এনা প্রোপার্টিজের নিজস্ব ভবনসহ ১৭টি প্রকল্প রয়েছে রাজশাহীতে, যার বর্তমান মূল্য দুই হাজার ১২০ কোটি ৫০ লাখ টাকা। ওই এনা প্রোপার্টিজেই আবার সাংসদ ও তাঁর স্ত্রী তহুরা হকের আনুপাতিক শেয়ার ৪: ১।
প্রকল্পের এই পরিমাণ মূল্যকে অতিরঞ্জিত উল্লেখ করে এনামুল হক বলেন, ‘প্রকল্পের এত দাম কেমনে হয়? আজগুবি কথা!’ দুদকের হিসাবে এনা প্রোপার্টিজে তহুরা হকের শেয়ার কম দেখানো হলেও সাংসদ জানান, এনা প্রোপার্টিজে স্ত্রী তহুরা হকের শেয়ার তাঁর থেকে বেশি।
অন্যদিকে হলফনামায় এনামুল হক জানিয়েছেন, ২০০৮ সালে শুধু বেতন-ভাতা থেকে তাঁর বছরে আয় ছিল ২০ লাখ টাকা। পাঁচ বছর পর এখন কৃষি, বাড়ি ও দোকানভাড়া, ব্যবসা ও পেশা থেকে বছরে সাংসদের আয় হয় ৫০ লাখ টাকা।
দুদকের প্রাথমিক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে যে সাংসদ এনামুল হক কীভাবে অল্প সময়ে এনা প্রোপার্টিজের মতো বড় একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে গড়ে প্রতি মাসে বেতন ও অন্যান্য ভাতা বাবদ ১০-১৫ লাখ টাকা ব্যয় দেখানো হয়। ঋণ নিতে গিয়ে আর্থিক লেনদেনের তথ্য লুকানোর মতো অনিয়ম করার কারণ কী? আর কী পরিমাণ আর্থিক তথ্য তিনি গোপন করেছেন, তা জানতেই সাংসদ এনামুল হক ও তাঁর ওপর নির্ভরশীলদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে কমিশনে আবেদন করেছেন অনুসন্ধান কর্মকর্তা।
দুদকের অভিযোগ ও প্রতিবেদন সম্পর্কে বিষোদ্গার করে সাংসদ প্রথম আলোকে কলেন, হলফনামায় ঘোষিত সম্পদের বাইরে এক ছটাক সম্পদও দুদকের পক্ষে বের করা সম্ভব নয়। আর দুদকও তাঁর সবটুকু গ্রহণযোগ্যতা হারিয়েছে।
১২ জানুয়ারি এনামুল হকসহ সাত সাবেক ও বর্তমান সাংসদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। ইতিমধ্যে কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে সম্পদের নোটিশ জারির সুপারিশ করে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।