৩৫ কোম্পানির মধ্যে কাউন্টার খুলেছে আটটির, বিক্রিও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদযাত্রায় যাত্রীবাহী লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। তবে প্রথম দিনে ৩৫টি লঞ্চ কোম্পানির মধ্যে মাত্র আটটি কোম্পানি টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রিও হয়েছে কম।

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে এ তথ্য জানা গেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথের লঞ্চ কোম্পানির একাধিক কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, ঈদ উপলক্ষে আগেই মালিকদের কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে যাত্রীরা লঞ্চের ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন বুক করে ফেলেন। এ কারণে লঞ্চমালিকেরা অগ্রিম টিকিট বিক্রি করতে তেমন আগ্রহী নন।

সদরঘাট টার্মিনাল সূত্র বলেছে, প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪১টি গন্তব্যে শতাধিক বেসরকারি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চে প্রায় ১০ হাজার ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন আছে।

সদরঘাট টার্মিনালের দ্বিতীয় ভবনে গতকাল ৩৫টি লঞ্চ কোম্পানির টিকিট কাউন্টারের মধ্যে আটটির কাউন্টার খোলা পাওয়া গেছে। বেলা তিনটা পর্যন্ত এসব কাউন্টারে সব মিলিয়ে ৮৭টি টিকিট বিক্রি হয়েছে।

কাউন্টার খোলা থাকা মেসার্স ডলার শিপিং লাইনসের এমভি মর্নিং সান লঞ্চের সুপারভাইজার আবুল কালাম বলেন, সকাল ১০টায় তাঁরা কাউন্টার খুলেছেন। আধা ঘণ্টায় একটি টিকিট বিক্রি হয়েছে।

বরগুনার আমতলী যাওয়ার জন্য অগ্রিম টিকিট কিনতে সকাল সাড়ে ৯টার দিকে আসেন ইব্রাহিম মিয়া। কিন্তু ওই পথের লঞ্চের কাউন্টার বন্ধ দেখেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিট বিক্রির কথা বলা হলো। মিরপুর থেকে কষ্ট করে এসেছি। এখন দেখি কাউন্টার বন্ধ।’

মেসার্স ফারহান কোম্পানির টিপু লঞ্চের কর্মচারী মো. হৃদয় বলেন, ২৩ ও ২৪ জুনের কোনো টিকিট নেই। সব বুকিং হয়ে গেছে।

জানা গেছে, গতকাল মেসার্স ডলার শিপিং লাইনস কোম্পানির পটুয়াখালীগামী মডার্ন সান লঞ্চের ১টি টিকিট, তুহিন রাব্বি শিপিং কোম্পানির লঞ্চ এমভি মুলাদী ও এমভি ভান্ডারিয়া লঞ্চের ৭টি, মেসার্স এ রহমান শিপিং লাইনস কোম্পানির হুলারহাটগামী এমভি অগ্রদূত লঞ্চের ২১টি, সুন্দরবন নেভিগেশন কোম্পানির বরিশাল পথের ১৪টি, ফারদিন শিপিং লাইনসের হুলারহাট ও ভান্ডারিয়াগামী লঞ্চের ১৯টি, জাহিদ শিপিং লাইনসের এমভি জামাল-৫ লঞ্চের ৯টি, ই আলী শিপিং লাইনসের আমতলীগামী এমভি হাসান হোসেন লঞ্চের ১১টি, মেসার্স খান ওয়াটার ওয়েজের পাঁচটি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

এমভি অগ্রদূত লঞ্চের ব্যবস্থাপক এম এ শাহীদ বলেন, ২২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট নেই। 

অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (যাত্রী পরিবহন) কার্যকরী সদস্য মেসার্স ভূঁইয়া ট্রান্সপোর্টের মানিক লঞ্চের মালিক সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন বলে হয়তো কাউন্টার খুলতে দেরি হচ্ছে। তবে সব কাউন্টার খোলার ব্যাপারে মালিক সমিতির পক্ষ থেকে নির্দেশ রয়েছে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, অগ্রিম টিকিট বিক্রির জন্য ৩৫টি কোম্পানিকেই নির্দেশ দেওয়া হয়েছে। তারা কাউন্টার না খুললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।