ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে ‘পিটিয়ে’ হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি হল থেকে তাঁদের বের করে দেওয়া হয়। আহত ছাত্রদের মধ্যে ১০ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পেটানোর অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বলেছে, ওই শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তাঁরা হরতাল সামনে রেখে অরাজকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, আহত শিক্ষার্থীরা শিবিরের কর্মী নন, তাঁরা সাধারণ শিক্ষার্থী।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কর্মীরা গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের ছাত্রশিবিরের চার কর্মীকে পিটিয়ে আহত করে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু হাদী নূর আলী খান দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই রাতে এবং গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, ফজলুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলে শিবিরের অন্তত ৩১ জন কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হরতাল সামনে রেখে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে গত শুক্রবার রাতে ঈশা খাঁ হলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করতে সেখানে গিয়ে হল থেকে বের করে দেন। এ সময় একটি কক্ষ থেকে দুটি রামদা ও বিপুল সংখ্যক ইসলামি বই উদ্ধার করা হয়। তবে কাউকে পিটিয়ে আহত করা হয়নি।বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. বায়েজিদ হক এক বিবৃতিতে বলেন, ‘শিবির সন্দেহে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলায় অর্ধশতাধিক ছাত্র আহত হয়েছেন। এ ছাড়া কক্ষ ভাঙচুর, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করা হয়।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু হাদী নূর আলী খান বলেন, হরতালকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।