টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ১৮ ছাত্রীসহ প্রায় ৩৫ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের সরবরাহ করা পানিতে হেপাটাইটিস-বি ভাইরাসের কারণে জন্ডিস দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল পানি সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রমতে, তিন দিন আগ থেকে কলেজের ছাত্রীদের জন্ডিস দেখা দেয়। এ পর্যন্ত ছাত্রী, হোস্টেলের সুপারভাইজার ও রোগীসহ প্রায় ৩৫ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ছাত্রী জানান, বেশ কিছুদিন আগে কুমুদিনীর সরবরাহ করা পানি পানের পর তাঁদের প্রথমে পেট ব্যথা শুরু হয়। তারপর পরীক্ষা করলে তাঁদের প্রত্যেকের জন্ডিস ধরা পড়ে। তাঁরা অভিযোগ করেন, এখানকার পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত। কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। বাইরে থেকে বিভিন্ন কোম্পানির বোতলের পানি কিনে এনে তাঁরা পান করায় অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। তা ছাড়া পানির ট্যাংকগুলো অনেক দিনের পুরোনো এবং তা সময়মতো পরিষ্কার করা হয় না।এদিকে মেডিকেল কলেজের ছাত্রীদের জন্ডিসে আক্রান্ত হওয়ার খবর কুমুদিনী চত্বরে ছড়িয়ে পড়লে সেখানকার চিকিৎসক, নার্স, রোগী, কর্মকর্তা-কর্মচারী ও মেডিকেল কলেজের ছাত্রীরা হাসপাতালের পানি পান করা বন্ধ করে দিয়েছেন। তাঁরা দোকান ও বাইরের নলকূপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করছেন বলে জানা গেছে।এ ব্যাপারে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর গোপাল চন্দ্র সরকার বলেন, ছাত্রীদের অনেকে বাইরের হোটেল থেকে আনা খাবার খেয়ে থাকেন। সে কারণেও তাঁরা জন্ডিসে আক্রান্ত হতে পারেন। তবে কুমুদিনীর পানি থেকে জন্ডিসের বিষয়টি তাঁরা পরীক্ষা করে দেখছেন। ছাত্রীদের অভিযোগের কারণে গত বৃহস্পতিবার বিকেলে আইইডিসিআরের প্রধান গবেষক এম মোস্তাক হোসাইন ও আইসিডিডিআরবির সহযোগী গবেষক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে আসে। প্রতিনিধিদলের সদস্যরা কমপ্লেক্সের বিভিন্ন ট্যাংকের পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেন।আইইডিসিআরের প্রধান গবেষক এম মোস্তাক হোসাইন জানান, আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রক্ত পরীক্ষার পর হেপাটাইটিস-ই পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।আইসিডিডিআরবির সহযোগী গবেষক জাহাঙ্গীর হোসেন বলেন, সংগ্রহ করা পানি পরীক্ষার ফলাফল দুই দিন পর পাওয়া যাবে।