৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গলা কেটে মুজিবুল্লাহকে (২৬) হত্যার দুই দিন পর গত সোমবার রাতে মহেশখালী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহত মুজিবুল্লাহর মা আনজুমানারা বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। পরে গতকাল মঙ্গলবার সকালে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি মুহিবউল্লাহ ওরফে টুন্নাকে (৫২) গ্রেপ্তার করে।
মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, গত শনিবার গভীর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা গলা কেটে মুজিবুল্লাহকে হত্যা করে। এ সময় তাদের হামলায় তাঁর বৃদ্ধ বাবা আবুল হাসেমও গুরুতর আহত হন। এ ঘটনার দুই দিন পর গত সোমবার রাত ১০টার দিকে নিহত মুজিবুল্লাহর মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
নিহত মুজিবুল্লাহর বড় ভাই ছৈয়দুল কাদের বলেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার ভাই মুজিবুল্লাহাহকে গলা কেটে হত্যা করে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, গতকাল সকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মুজিব হত্যা মামলার অন্যতম আসামি মুহিবউল্লাহকে গ্রেপ্তার করে।