৩৫ জনের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ জনের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। আজ সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।


৩০ জনের সনদ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে, দুজনের সনদ জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে, একজনের সনদ দুই ঠিকানা থাকার ভিত্তিতে বাতিল করা হয়। দুজনের সনদ বাতিল করা হয় বয়স সংগতিপূর্ণ না হওয়ায়। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া ৩৫ জনের মধ্যে ২৮ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী। তাঁদের মধ্যে উপসচিবও রয়েছেন।


এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, সনদ বাতিল হওয়ার তালিকায় যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হবে। এ ছাড়া এই ভুয়া সনদ নিয়ে যাঁরা সুযোগ-সুবিধা নিয়েছেন, তাঁদের সেই সুযোগ-সুবিধা বাতিল করতে এবং সনদবলে এ পর্যন্ত পাওয়া আর্থিক সুবিধা প্রত্যাহারের ব্যবস্থা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।