৩৫ জনের স্থলে আছেন মাত্র পাঁচ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ৩৫ জন শিক্ষকের পদ থাকলেও কার্যত একজনও নেই। প্রেষণে নিয়োগ দেওয়া পাঁচজন শিক্ষক এই ইনস্টিটিউটের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নামকাওয়াস্তে পড়াশোনা করাচ্ছেন।ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে এটি প্রতিষ্ঠা হলেও ২০০৮ সাল থেকে ক্লাস শুরু হয়। এখানে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক, কম্পিউটার ও ইলেকট্রনিকস এই চারটি বিভাগে মোট ৫২০ জন শিক্ষার্থী রয়েছেন। এখানে শিক্ষকের ৩৫টি পদ রয়েছে। কিন্তু আছেন মাত্র পাঁচজন। প্রকৃতপক্ষে এই পাঁচজনের কেউ এই ইনস্টিটিউটের শিক্ষক নন। তাঁরা সবাই প্রেষণে চাকরি করছেন। এর মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিলা রহমানসহ তিনজন নওগাঁ পলিটেকনিক এবং অন্য দুজন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রেষণে এখানে এসেছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তরিকুজ্জামান ঠাকুরগাঁও পলিটেকনিক থেকে প্রেষণে এসেছেন। ১৩ জন অফিস কর্মচারীর মধ্যে আছেন মাত্র দুজন।ইনস্টিটিউটের রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনিং বিভাগের ষষ্ঠ পর্বের ছাত্র মাসুদ রানা বলেন, ‘গত তিন বছরে ব্যবহারিক ক্লাস করার সুযোগ পেয়েছি মাত্র তিন দিন। এর মধ্যে কেবল এয়ারকন্ডিশনিং মেশিনের উইন্ডো টাইপ রেফ্রিজারেশনের ওপরের কভার খুলতে দেওয়া হয়েছে। এরপর কোনো কিছু না খুলেই দেখানো হয় ফ্রিজ।’ কম্পিউটার বিভাগের দ্বিতীয় পর্বের ছাত্র মাহমুদুল ইসলাম বলেন, ‘এক বছরে মাত্র এক দিন কম্পিউটারে হাত দিয়েছি।’ ইলেকট্রিক বিভাগের ফুয়াদ হাসান বলেন, ‘এক বছরের মধ্যে আমাদের এক দিনও ব্যবহারিক ক্লাস হয়নি।’ এসব শিক্ষার্থী জানান, এটা নামেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তাত্ত্বিক পড়াশোনাও ঠিকমতো হয় না। এখান থেকে পাস করে কী করব? আদৌ কর্মক্ষেত্র পাব কি? ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিলা রহমান বলেন, ৩৫ জন শিক্ষকের স্থলে যদি পাঁচজন শিক্ষক দিয়ে ইনস্টিটিউট চালানো হয়, তবে শিক্ষার্থীদের কতটুকু শেখানো সম্ভব, তা বলার অপেক্ষা রাখে না। কোনো রকমে তাত্ত্বিক পড়ানোটা চালালেও ল্যাবরেটরি চালানোর জন্য জনবল না থাকায় শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাস করার সুযোগ পান না। ল্যাবরেটরি চালানোর জন্য ১০ জন ল্যাব সহকারীর মধ্যে আছেন মাত্র দুজন। এ দুজন দিয়ে ব্যবহারিক ক্লাস ঠিকমতো করানো সম্ভব হয় না। তবে আনুষঙ্গিক বিষয়ের মধ্যে ইংরেজি ও রসায়ন পড়ানোর জন্য এখানে তিনজন খণ্ডকালীন শিক্ষক নিযুক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তরিকুজ্জামান জানান, ইনস্টিটিউট পরিচালনার জন্য এ পর্যন্ত কোনো বাজেট পাওয়া যায়নি। ব্যবহারিকের জন্য কাঁচামাল, স্টেশনারি ও আনুষঙ্গিক খাতের অর্থ শিক্ষার্থীদের পরীক্ষার ফি থেকে সংগ্রহ করে কোনো রকমে চালানো হয়। ইনস্টিটিউট চালুর পর থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। চার লাখ ৫৭ হাজার টাকা বকেয়া থাকায় জুলাই মাসের প্রথম দিকে বিদ্যুৎ বিভাগ ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর প্রতিবাদে ওই দিন শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।