৩৫ জেলায় ১০৫ কোটি টাকার ত্রাণ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫টি জেলায় জরুরি ত্রাণ সহায়তার জন্য ১০৫ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সরকারি সংবাদ সংস্থা বাসস দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, গত ৯ থেকে ২৫ আগস্ট পর্যন্ত এসব জেলায় বন্যাদুর্গত মানুষদের চাল, শুকনা খাবার ও নগদ সহায়তা দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ বাসসকে বলেছেন, আগামী তিন মাস দুর্গত মানুষ ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা পাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত চাহিদা অনুযায়ী সরকার আরও অর্থ বরাদ্দ করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় দেশের ৩৫টি জেলার ৮১ লাখ ৭৭ হাজার ১৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ হাজার ৭০১টি ঘরবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৬২২টি। এ ছাড়া বন্যার পানিতে ৬ লাখ ৯ হাজার ৭৬১ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। বন্যাকবলিত জেলাগুলো হলো দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, শেরপুর, ঢাকা, মৌলভীবাজার, গোপালগঞ্জ, কুমিল্লা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নাটোর, মানিকগঞ্জ ও জামালপুর।

মন্ত্রণালয় সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পানিবাহিত রোগ ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২ হাজার ৯১৮টি মেডিকেল টিম কাজ করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার চাষিদের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেবে সরকার।