পদ্মায় পানি বাড়তে থাকায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গি ও চরঝাউকান্দা ইউনিয়নের চরকালকিনিপুর গ্রামে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। গত তিন দিনে গ্রাম দুটির ৩৫টি পরিবারের বসতভিটা ও ফসলি জমি পদ্মায় বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে চরকালকিনিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা বলেন, তিন বছর ধরে বর্ষা মৌসুমে চরকালকিনিপুর গ্রামটি পদ্মার ভাঙনের শিকার হচ্ছে। এ বছর বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বেড়েছে। গত তিন দিনে ৩৫টি পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। একই সঙ্গে ফসলসহ গ্রামের প্রায় এক শ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামের হুকুম আলী চোকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে নদী থেকে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে বিদ্যালয়টি।
চরভদ্রাসন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। ভাঙন অব্যাহত থাকলে বিদ্যালয় ভবনটি রক্ষা করা যাবে না।
সদর ইউনিয়নের এমপিডাঙ্গি গ্রামেও ভাঙন অব্যাহত রয়েছে। ফলে ওই গ্রামের ভেতর দিয়ে যাওয়া জেলা শহরের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র পাকা সড়কটিও ভাঙনের মুখে পড়েছে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সদরপুরের ইউএনও রোকসানা রহমান বলেন, চরভদ্রাসনে নদীভাঙনের শিকার পরিবারগুলোর তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি সরেজমিনে পরিদর্শন করে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানাব।’