৩৫ প্রধান শিক্ষক ও ৫৪ জন সহকারী শিক্ষকের পদ শূন্য
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৪০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৫৪টি পদ শূন্য রয়েছে। এ কারণে পাঠদান ব্যাহত ও প্রশাসনিক জটিলতা বাড়ছে।
শিগগিরই ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক নিয়োগ দিয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুল ইসলাম বলেন, সখীপুরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনেক পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে করে পড়াশোনায় চরম ক্ষতি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্র জানায়, সখীপুরে ১৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চলতি বছরে আরও ১০ জন প্রধান শিক্ষক ও ১৫ জন সহকারী শিক্ষকের অবসরে যাওয়ার কথা রয়েছে। ২০০৯ সালের পর থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি না হওয়ায় ৩৫টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্যে একজনকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আরও ৪০টি বিদ্যালয়ে ৫৪ জন সহকারী শিক্ষক নেই।
বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়ে ২৮১ জন শিক্ষার্থী। সহকারী শিক্ষক ওসমান গণি প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় বাকি দুই শিক্ষক বিদ্যালয় চালাতে হিমশিম খাচ্ছেন। বিদ্যালয়ে আরও কমপক্ষে দুজন সহকারী শিক্ষক দরকার।’
জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক রওশনারা বেগম বলেন, প্রধান শিক্ষকসহ পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।
প্রধান শিক্ষক না থাকা ৩৫টি বিদ্যালয় হচ্ছে—হাজি ইন্নছনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিমাবংকী উত্তরপাড়া, পশ্চিম বোয়ালী, পাহাড়কাঞ্চনপুর, কালমেঘা উত্তর, চাকদহ, হাতীবান্ধা টেকিপাড়া, হাতীবান্ধা, হতেয়া রাজাবাড়ি, হতেয়া কেরানীপাড়া, দাড়িপাকা, ডাবাইল, জামালহাটকুড়া, কামালিয়াচালা, বড় হামিদপুর, নোহালীচালা, পশ্চিম কালিদাস পানাউল্ল্যাহপাড়া, বড় চালা, রহিমগঞ্জ, উত্তর গড়বাড়ি, কচুয়া নয়াপাড়া, হাসানগঞ্জ চকচকিয়া, তৈলধারা, বানিয়ারসিট, শিরীরচালা, গোবরচাকা, বাঘেরবাড়ি, দাড়িয়াপুর, বেড়বাড়ি খন্দকার পাড়া, রতনপুর, বিবিসি বর্ডার, সোন্দুলাপাড়া, সবুজবাংলা, কাঙালীছেউ এবং সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নোহালীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন বলেন, ‘আমাকে নানা কাজে মাসে কমপক্ষে ১০ কর্মদিবস উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হয়। তখন দুজন শিক্ষক দিয়েই প্রাক্-প্রাথমিকসহ ছয়টি শ্রেণির ক্লাস চালানো হয়। ফলে শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো যায় না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়ের একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।