৩৫ প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলায় ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টি বিদ্যালয়ের ভবনই জরাজীর্ণ। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়ের ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ। তাই যেকোনো মুহূর্তে ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এখানকার ১০টি ইউনিয়নে ৯৮টি সরকারি ও ৮৭টি নিবন্ধিত (রেজি.) বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাকা, আধাপাকা ভবনের কয়েকটিতে ছাদ চুইয়ে এবং টিনের ছিদ্র দিয়ে পানি পড়ছে। খসে পড়ছে পলেস্তারা। চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু ভট্টাচার্য জানান, এ বিদ্যালয়টিতে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। পুরোনো আধাপাকা দুটি ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষাকালে ভারী বর্ষণে ছাদ চুইয়ে পানি পড়ে। এ ছাড়া ভবনের বিভিন্ন স্থান থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তরা। দু-তিন বছর ধরে এ সমস্যা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো সাড়া মেলেনি। হিজলা বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবীর জানান, ২০০৫ সালের মে মাসে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের ভবনটি ধসে পড়ে। পরে একটি ছোট আধাপাকা ভবন নির্মাণ করা হয়। এখন পর্যন্ত সেখানেই পাঠদান চলছে। ধরমপাশা ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবীর বলেন, বিদ্যালয়ের ভবন দুটির অবস্থা নাজুক থাকায় সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ মণ্ডল বলেন, ভবনজনিত নানা সমস্যার কারণে এখানকার ৩৫টি বিদ্যালয়ের প্রায় নয় হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। ওই বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।