৩৫ বছরে নীরব বিপ্লব ঘটিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে আজ শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিশিষ্টজনেরা। ছবি : সাবিনা ইয়াসমিন
বেলুন উড়িয়ে আজ শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিশিষ্টজনেরা। ছবি : সাবিনা ইয়াসমিন

বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে গত ৩৫ বছরে পাঠাভ্যাসের একটি নীরব বিপ্লব ঘটেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এর নেপথ্যে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তিনি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি শুধু মানুষ গড়ার কারিগর নন, আলোকিত মানুষ গড়ারও কারিগর।’

আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে ৩৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘বিশ্বসাহিত্যের কার্যক্রমকে একাডেমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করায় শিক্ষার্থীদের মাঝে এখন নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠেছে। আলোকিত মানুষ হতে হলে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৫ বছরের প্রয়াসে দেশে আলোকিত মানুষের সংখ্যা বাড়ছে। আমি মনে করি এ প্রয়াস হাজার বছর অতিক্রম করবে।’

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৫ বছরের পথচলা কোনো একক প্রচেষ্টায় নয়, সকলের সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে সম্পৃক্ত সকল শুভানুধ্যায়ীকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। একই সাথে আগামী দিনের পথচলায় অতীতের মতো সকলের সহযোগিতা কামনা করছি।’

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম পর্বে ছিল উদ্বোধনী ও সংক্ষিপ্ত আলোচনা। এরপর মিলনমেলা, কফি আড্ডা ও দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, খায়রুল আলম সবুজ, অধ্যাপক মনজুরুল ইসলাম, প্রাবন্ধিক আহমাদ মাযহার, আনিসুল হক, জাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, কবি সৈয়দ তারিকসহ দেশের স্বনামধন্য ব্যক্তিরা।