৩৫ বিদ্যালয়ে খাওয়ার পানির সংকট
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পান করার কোনো ব্যবস্থা নেই। এর মধ্যে সাতটি বিদ্যালয়ে কোনো নলকূপ নেই আর ২৮টি বিদ্যালয়ে নলকূপ অকেজো।গত বৃহস্পতিবার সিংপুর ইউনিয়নের ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের একমাত্র নলকূপটি এক বছর ধরে অকেজো হয়ে আছে। কয়েকজন শিক্ষার্থী পানি পান করার জন্য স্কুলের পাশে গ্রামে যাচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুদ্দিন জানান, বিদ্যালয়ের নলকূপ মেরামত ও একটি আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করার জন্য উপজেলা শিক্ষা অফিসে আবেদন করা হয়েছে।দক্ষিণ ছাতিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ছাত্রছাত্রীরা আশপাশের বাড়ি থেকে পানি এনে পান করছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আরিফ ও একই শ্রেণীর ছাত্রী আকলিমা বলল, ‘স্কুলের নলকূপটি দীর্ঘদিন ধরে অকেজো। বাড়ি থেকে বোতলে ভরে পানি নিয়ে আসি। যারা বাড়ি থেকে পানি না আনে, তারা বিভিন্ন বাড়িতে গিয়ে পানি পান করে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহের উদ্দিন আহম্মেদ জানান, নলকূপটি মেরামতের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করা হয়েছে।উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ প্রথম আলোকে জানান, বিদ্যালয়ের নলকূপগুলো অকেজো হওয়ার মূল কারণ হলো, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল থেকে যে সময় নলকূপ বসানো হয়, তখন কাজ হয় খুব নিন্নমানের। তাই স্থাপনের এক-দুই মাসে মধ্যেই নলকূপগুলো অকেজো হয়ে পড়ে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পদটি শূন্য থাকায় অফিস সহকারী কামরুন নাহার বলেন, ‘আমি এখানে নতুন এসেছি, তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে চেষ্টা করা হচ্ছে অচল নলকূপগুলো দ্রুত সচল করা।