৩৫ লাখ টাকা নিয়ে কর্মকর্তারা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের সময় নিয়ে পটুয়াখালীর বাউফলে মিডস আইটি নামের অনুমোদনহীন প্রতিষ্ঠানের কর্মকর্তারা শিক্ষার্থীদের ৩৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মারাফত আলী জানান, পটুয়াখালী জেলায় মিডস আইটি নামে তাঁদের অনুমোদিত কোনো প্রশিক্ষণকেন্দ্র নেই। ওই কেন্দ্রের শিক্ষার্থীরা অবশ্যই প্রতারিত হয়েছে।গত বছরের জুন মাস থেকে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার আফনান ভিলা নামের একটি আবাসিক ভবনের নিচতলা ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মিডস আইটি। কম্পিউটার প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ দেওয়ার কথা বলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রায় ৭০০ শিক্ষার্থী ভর্তি করে।প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি বাবদ নেওয়া হয় পাঁচ হাজার টাকা। কিন্তু তাদের শেখানো হয় বহুস্তরবিশিষ্ট বিপণন (এমএলএম) পদ্ধতিতে কীভাবে কোটিপতি হওয়া যায় এবং কীভাবে আরও শিক্ষার্থী ভর্তি করা যায় তার কলাকৌশল। গত ২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বাউফলে প্রশিক্ষণের নামে প্রতারণা’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।পরে ওই প্রতিষ্ঠানটির কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, কাগজপত্র দেখাতে না পারায় গত ৫ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কাগজপত্র দেখানোর জন্য সাত দিনের সময় প্রার্থনা করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত কেউ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেনি।ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বাউফল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আরিফ জানায়, সে কমপক্ষে দেড় শ শিক্ষার্থী ভর্তি করে। প্রত্যেক শিক্ষার্থী ভর্তি বাবদ তাকে ৫০০ টাকা করে দেওয়া হয়। এখন ওই সব শিক্ষার্থী তার কাছে টাকা ফেরত চাইছে। এ রকম কমপক্ষে ৭০০ শিক্ষার্থীর ৩৫ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠানটি প্রশাসনের কাছ থেকে কাগজ দেখানোর সময় নিয়ে উধাও হয়ে গেছে।