৩৫ লাখ টাকার মুক্তিপণে ছাড়া পেলেন মাহবুব
অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপি নেতার ছেলে মাহবুব আলম ওরফে রাসেল ফকিরকে (১৮)। পরিবার মুক্তিপণের ৩৫ লাখ টাকা দেওয়ার পর অপহরণকারীরা গত মঙ্গলবার রাতে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় মাহবুবকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুরের নয়নপুর এলাকায় ফেলে রেখে যায়। মাহবুবকে মুঠোফোনে ছোটবেলার বন্ধু পরিচয় দিয়ে গত শুক্রবার সন্ধ্যায় শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি রেস্তোরাঁর সামনে থেকে অপহরণ করা হয়। মাহবুব শ্রীপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইজ্জত আলী ফকিরের বড় ছেলে ও শ্রীপুর কারিগরি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পুলিশ মুঠোফোন ট্র্যাকিং করে অপহরণকারীদের খুব কাছে পৌঁছে যাওয়া অবস্থায় মাহবুবের বাবা মুক্তিপণ দিয়ে তাঁর ছেলেকে উদ্ধার করেন। তবে মুক্তিপণের টাকাসহ অপহরণকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।