৩৫ লাখ টাকার ৫০টি সৌরবাতি জ্বলছে না
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রধান সড়কে ৩৫ লাখ টাকা ব্যয়ে ৫০টি সৌরবাতি স্থাপন করা হলেও একটিও জ্বলছে না।পৌরসভা সূত্রে জানা গেছে, স্পেনের একটি কোম্পানির কারিগরি সহায়তায় বাংলাদেশ অল্টারনেটিভ এনার্জি সিস্টেম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৩৫ লাখ টাকা ব্যয়ে ৫০টি সৌরবাতি বসানোর কাজ পায়। প্রায় তিন মাস আগে পৌরসভা কার্যালয়ের কাছে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সৌরবাতিগুলো বসানো হয়। প্রতিটি সৌরবাতি বসানোর জন্য পৌরসভার খরচ হয়েছে ৭০ হাজার টাকা।একটি সৌরবাতি থেকে অন্যটির দূরত্ব ১০০ থেকে ১৫০ ফুট। নিরাপত্তার কারণে সৌরবাতির বেটারিসহ যন্ত্রাংশ মাটির আড়াই ফুট গভীরে সিসি ঢালাইয়ের ভেতরে রাখা হয়েছে। কিন্তু সব কাজ শেষ হলেও শেষ পর্যন্ত একটি বাতিও জ্বলেনি।অনুসন্ধানে জানা যায়, কারিগরি ত্রুটির কারণে বাতিগুলো জ্বালানো সম্ভব হয়নি। প্রতিটি বাতির জন্য একটি করে সোলার প্যানেল লাগানো হয়। তাই সব কাজ শেষে দেখা যায়, একসঙ্গে সবগুলো বাতি জ্বলে না এবং যেগুলো জ্বলে সেগুলোর আলোও বেশিক্ষণ স্থায়ী হয় না। পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুর রহমান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান আবারও বাতিগুলো জ্বালানোর চেষ্টা করছে। একটি করে সোলার প্যানেল থাকায় চাহিদা অনুযায়ী চার্জ করতে না পারায় এই সমস্যা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। এখন তাঁরা দুটি সোলার প্যানেল স্থাপন করে বাতি জ্বালানোর চেষ্টা করছেন।