৩৫ শিশুর ফল বাতিল করায় আদালতে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতি শাখায় তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৫ শিশু শিক্ষার্থীর ফলাফল বাতিল করায় গত বুধবার উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে।রিটে শিক্ষাসচিব, জেলা প্রশাসক এবং সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়েছে। বাদ দেওয়া দুই শিশু শিক্ষার্থীর অভিভাবক মো. নূরুল হক ও মো. আক্তারুজ্জামান উচ্চ আদালতের বিচারক এ এইচ শামসুদ্দিন চৌধুরী এবং জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদন করেন। রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী মোস্তফা কামাল বলেন, ‘রিটে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতী শাখার ২৭ ডিসেম্বর ঘোষিত ফলাফল বহাল, শিক্ষার্থীদের ভর্তির আদেশ দেওয়ার এবং ২ জানুয়ারি পুনরায় ঘোষিত ফলাফল প্রত্যাহারের আদেশ চাওয়া হয়েছে। আদালত রিটটি আমলে নিয়ে আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি আমরা ফ্যাক্সের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়েছি।’ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরো রোকসানা বলেন, ‘গতকাল পর্যন্ত আদালতের কোনো নির্দেশনা আমাদের হাতে আসেনি।’ ২৬ ডিসেম্বর বরিশাল জিলা স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৭ ডিসেম্বর মাইকযোগে ওই ফলাফল ঘোষণা করা হয়। ২ ডিসেম্বর আকস্মিকভাবে জেলা প্রশাসন আবার ফলাফল ঘোষণা করে। সেই ফলাফলে উত্তীর্ণ হওয়া ৩৫ শিশুকে বাদ দেওয়া হয়।