৩৫ সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল ব্যাখ্যা ও মিথ্যা তথ্য দিয়ে নেওয়ায় একজন উপসচিব, রেলের একজন অতিরিক্ত মহাব্যবস্থাপকসহ ৩৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে এসব কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত ১৫১ সরকারি কর্মকর্তা-কর্মচারীর সনদ বাতিল করা হলো।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে আরও ৫৬ জনের মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন চাওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে।
তবে চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অন্তত চারজন সচিব, একজন যুগ্ম সচিব, একজন সাবেক সচিবসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু তাঁদের সনদ বাতিলের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তদন্তে তাঁদের অনেকেরই ভুয়া সনদ নেওয়ার প্রমাণ মিলেছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন এই ছয় সচিবের বিষয়টি তদন্ত করায় তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্তের ভিত্তিতে ৩০ জন, জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে দুজন, মুক্তিযোদ্ধা হওয়ার মতো উপযুক্ত বয়স না হওয়ায় দুজন এবং দুটি সনদ না থাকায় একজনের মুক্তিযোদ্ধার সনদ ও এ-সংক্রান্ত গেজেট বাতিল করা হয়েছে। এনএসআই ও জেলা প্রশাসকের তদন্তে ৩২ জন মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ দেখাতে পারেননি।
এই ৩৫ ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে শিক্ষক, ব্যাংকার, কর পরিদর্শক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, পুলিশ কর্মকর্তা প্রমুখ রয়েছেন।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বাড়ানোর পর সবাই নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন। বিশেষ করে এত দিন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় না দিলেও স্বাধীনতার ৪৩ বছর পর এসে সনদ নেওয়ার হিড়িক পড়ে গেছে। এখন শুধু সনদ বাতিল বা ফৌজদারি মামলাই নয়, এসব সনদ ব্যবহার করে যাঁরা সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, তাও ফিরিয়ে নেওয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বাড়ানোর আদেশ জাির করার পর এই সনদ নেওয়ার হিড়িক পড়ে।
বাতিল হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা-সুবিধা নিয়ে চাকরি করছেন। কেউ কেউ অবসরেও গিয়েছেন। কারও আগামী বছর এ সুবিধা নেওয়ার কথা রয়েছে।
যাঁদের সনদ বাতিল হলো: ভারপ্রাপ্ত (ওএসডি) উপসচিব শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সোলায়মান চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের মো. শফিকুর রহমান ও মো. আবদুল ওয়ারেছ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মো. আবদুল হালিম ও মো. শফিকুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজহার আলী খান, ভূমি মন্ত্রণালয়ের আ ন ম বজলুল রশীদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ টি এম শাহজাহান, রনজিৎ কুমার রায়, মো. রওশন আলম, মো. আবু হোসেন মিয়া, মো. মজিবুর রহমান ও এ কে এম হাবিবুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মো. দানেশ মিয়া, কৃষি মন্ত্রণালয়ের মো. আব্বাস আলী খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ কে এম জালাল ও হাশেম আলী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মো. জয়নাল আবেদীন, কে এ নিজাহার উদ্দীন, ঢাকা ভ্যাট কমিশনের রাজস্ব কর্মকর্তা (বর্তমানে পিআরএলে) শেখ মাহবুবুল আলম, রাজস্ব বিভাগের কর অঞ্চল-২-এর পরিদর্শক মো. দেলোয়ার হোসেন, মো. নুরুন্নবী পাটোয়ারী, যমুনা অয়েল কোম্পানির সাবেক ম্যানেজার মো. গোলাম রব মোল্লা, সাতক্ষীরার আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের মো. আবুল হোসেন ও মোহাম্মদ আলী।
এ ছাড়া আছেন সোনালী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা এ টি এম আবদুল হাই, পুলিশ বিভাগের (বেতার) মো. সোলায়মান বিশ্বাস, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের মো. হারুন অর রশীদ খান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো. শাহযাদ আযীম, এম এ মজিদ, মো. নূর ইসলাম, মো. বেলাল হোসেন ও মো. আবদুল মালেক।
যেসব সচিব এই সময়ে মুক্তিযুদ্ধের সনদ নিয়েছেন তাঁরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, মুক্তিযুদ্ধবিষয়কসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এ কে এম আমির হোসেন (বর্তমানে পিএসসির সচিব), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন (বর্তমানে প্রবাসীকল্যাণ সচিব), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। তাঁরা চাকরির শেষ সময়ে এসে সনদ নিয়েছেন। দুদক তাঁদের বিষয়ে তদন্ত করছে।