৩৫ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় ৩৫ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার কেওয়া দক্ষিণ খণ্ডে ১০ কিলোমিটার ও উত্তর খণ্ডে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থাকা অবৈধ গ্যাস-সংযোগের পাইপ তুলে জব্দ করা হয়েছে। এতে প্রায় ৩৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরে গ্যাসলাইনের মূল সংযোগ সিল করে বন্ধ করা হয়। জব্দ করা ২ ইঞ্চি ব্যাসের ২০ হাজার ফুট পাইপ স্থানীয় গ্যাস কার্যালয়ে রাখা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, এসব অবৈধ সংযোগে ব্যবহার করা পাইপ ও অন্যান্য সরঞ্জাম নিম্নমানের। এসব সংযোগে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদের ক্ষতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিজিবি ও পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা। তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।