৩৫ হাজার টাকা নিয়ে ৩৪ ধারায় চালান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামে গত রোববার রাতে ১৫ বোতল ফেনসিডিলসহ আবদুল মালেক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।মালেকের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামিম ৩৫ হাজার টাকা ঘুষ নিলেও মুক্তি দেননি। ঘটনার প্রত্যক্ষদর্শী চাপাইর গ্রামের তিনজন বাসিন্দা জানান, রোববার রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে এএসআই শামিম একদল পুলিশ নিয়ে এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী মালেকের বাড়িতে অভিযান চালান। পরে তাঁর হেফাজত থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করেন এবং মালেককে ধরে থানায় নিয়ে যান।রাতেই শামিমের সঙ্গে যোগাযোগ করেন মালেকের স্ত্রী। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এএসআই শামিম তাঁর স্বামীকে ১৫ বোতল ফেনসিডিলসহ ধরে নিয়ে যান। থানায় যোগাযোগ করলে শামিম মুক্তির বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে অনেক কষ্ট করে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু দারোগা তাঁকে মুক্তি না দিয়ে বলেন, যে ধারায় চালান দিয়েছেন, আদালতে গেলেই নাকি জামিন হয়ে যাবে। কিন্তু আদালত জামিন না দিয়ে তাঁর স্বামীকে হাজতে পাঠান। এএসআই মো. শামিম দাবি করেন, মাদক ব্যবসায়ী মালেককে গ্রেপ্তার করা হলেও তাঁর কাছ থেকে কোনো ফেনসিডিল উদ্ধার করা হয়নি। তাই তাঁকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ঘুষ নেওয়ার অভিযোগ সত্য নয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ফেনসিডিলসহ আটকের পর ঘুষের বিনিময়ে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি তাঁর জানা নেই। তবে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।