চিকিৎসক মরিয়ম আক্তারকে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পদায়ন করা হয়। তিনি ৫ ডিসেম্বর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে যোগ দেন। কিন্তু ওই দিনই জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সংযুক্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার পদের বিপরীতে চলে যান।
মুঠোফোনে জানতে চাইলে মরিয়ম আক্তার প্রথম আলোকে বলেন, ‘উন্নত প্রশিক্ষণের প্রয়োজনে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে এসেছি। ওখানে পদ খালি না থাকায় শরীয়তপুরে পদায়ন নিতে হয়েছে।’
শুধু মরিয়মই নন, এমন চিত্র শরীয়তপুরের আরও ২০ জন চিকিৎসকের। তাঁদের শরীয়তপুরের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়। কিন্তু তাঁরা সংযুক্তিতে কাজ করছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। এই পরিস্থিতিতে শরীয়তপুরের স্বাস্থ্যসেবা চরম ব্যাহত হচ্ছে।
এ জেলার জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ লাখ। তাদের চিকিৎসা দেওয়ার জন্য কর্মরত আছেন ৪৯ জন চিকিৎসক। এই হিসাব অনুযায়ী, প্রতি ৩৪ হাজার ৬৯৩ জনের জন্য মাত্র ১ জন চিকিৎসক রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় ১০০ শয্যার শরীয়তপুর সদর হাসপাতাল, ৫০ শয্যা করে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ২০ শয্যার স্বাস্থ্যকেন্দ্র ও ১৮টি উপস্বাস্থ্যকেন্দ্র এবং ৪৬টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। চিকিৎসকের পদ আছে ১৭৭টি, কিন্তু কর্মরত আছেন ৪৯ জন। এর মধ্যে ১৪টি প্রশাসনিক পদ রয়েছে। ২০ জন চিকিৎসক ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন সংযুক্তিতে। তা ছাড়া ২০১২ সাল থেকে ৬ জন বিনা অনুমতিতে ছুটিতে আছেন। ১২৮টি চিকিৎসকের পদই শূন্য রয়েছে।
সবচেয়ে নাজুক অবস্থা সদর হাসপাতালের। সেখানে চিকিৎসকের পদ রয়েছে ৫০টি। বর্তমানে কর্মরত আছেন ১৬ জন। তাঁদের মধ্যে আবার ৫ জন সপ্তাহে ৩ দিন করে হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসাসেবা দেন।
পৌর এলাকার পালং গ্রামের মোশারফ হোসেন বলেন, গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ কোনো চিকিৎসক সদর হাসপাতালে নেই। জরুরি চিকিৎসার প্রয়োজনে মানুষ এখানে কোনো সেবা পায় না। বাধ্য হয়ে ঢাকা-ফরিদপুর-বরিশাল যেতে হয়। দূরবর্তী স্থানে যাওয়ার কারণে অনেক সংকটাপন্ন রোগীকে পথেই প্রাণ হারাতে হচ্ছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুল্লাহ বলেন, ‘চিকিৎসক-সংকটের কারণে আমাদের সেবার মান নিয়ে রোগীরা সন্তুষ্ট হতে পারছে না। ৫০ জনের কাজ ১৬ জন চিকিৎসক দিয়ে চালাতে হচ্ছে। যাঁরা সেবা দিচ্ছেন, তাঁরা হাঁপিয়ে উঠছেন। কয়েকজন চিকিৎসক সপ্তাহে দুই-তিন দিন করে অনুপস্থিত থাকছেন। তাঁদেরও চাপে রেখেছি। তবে বেশি চাপ দিলে তাঁরাও বদলি হয়ে অন্যত্র চলে যাবেন।’
নড়িয়া পৌরসভার উপস্বাস্থ্যকেন্দ্রে গত ৪ এপ্রিল যোগদান করেন মোসলেহ উদ্দীন। তিনি নতুন কর্মস্থলে যোগদানের আদেশপত্রের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে যাওয়ার আদেশপত্রও নিয়ে আসেন। দুই দিন পরই তিনি ঢাকায় চলে যান।
চিকিৎসক মোসলেহ উদ্দীন বলেন, ‘আমি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ঢাকায় চলে এসেছি। আমাকে নড়িয়ায় বদলি করা হলে তদবির করে ঢাকায় চলে আসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকলে প্রশিক্ষণ গ্রহণ করা সহজ হয়।’
সিভিল সার্জন নির্মল চন্দ্র দাস বলেন, ‘শরীয়তপুরের যোগাযোগব্যবস্থা খারাপ। এ কারণে অনেক চিকিৎসক শরীয়তপুরে আসতে চান না। ২০ জন চিকিৎসক শরীয়তপুরে পদায়ন নিয়ে সংযুক্তিতে ঢাকা চলে গেছেন। চিকিৎসক-সংকটের কারণে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে আছি। চিকিৎসক পদায়ন করার জন্য নিয়মিত চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু ফলাফল শূন্য।’
স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক নিতীশ কান্ত দেবনাথ বলেন, ‘পদ্মা নদীর ওই পাড়ে কোনো চিকিৎসক যেতে চান না। আমরা যাঁদের বদলি করি, তাঁরা মন্ত্রী, সাংসদ, স্বাচিব ও বিএমএর নেতাদের দিয়ে তদবির শুরু করেন। চিকিৎসকেরা সব ঢাকা ও ঢাকার আশপাশে চলে আসেন।’