দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের তফসিল পরিবর্তনের ফলে প্রতারণা, জাল-জালিয়াতির অভিযোগে করা প্রায় ৩৫ হাজার মামলার তদন্ত থেমে আছে। তফসিল সংশোধনের এক বছর পেরিয়ে গেলেও এ বিষয়টি সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই। মামলাগুলো পুলিশ বা দুদক কেউই তদন্ত করছে না। এতে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তফসিল পরিবর্তন, সংশোধনের প্রস্তাব অনেক আগেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। খুব শিগগির বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, অবশ্যই এসব মামলার তদন্তের ক্ষমতা পুলিশ কর্মকর্তাদের থাকা উচিত। পরিস্থিতি বিবেচনা করে বিচারব্যবস্থার গতিশীলতা আনতে এসব ধারার অপরাধ দুদকের তফসিল থেকে বাদ দিয়ে আইন সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’
২০১৩ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের তফসিল পরিবর্তন করে প্রতারণা, মানি লন্ডারিং, ঘুষ লেনদেন, জাল-জালিয়াতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবসা, নারী ও শিশু পাচারসহ আরও কয়েকটি অপরাধের তদন্ত ও বিচারের ক্ষমতা দুদকের তফসিলে অন্তর্ভুক্ত¯করা হয়। এতে পুলিশ মামলাগুলোর তদন্ত¯ করতে পারছে না। এর ফলে এই অপরাধে করা মামলাগুলোর তদন্ত¯ বন্ধ হয়ে যায়। দুদক আইন অনুযায়ী করা মামলার তদন্তেও গতি নেই। আগে এই ধারায় করা মামলাগুলোর তদন্ত¯ পুলিশ ও দুদক উভয় সংস্থাই করত।
তফসিল সংশোধনের ফলে বিচারিক ক্ষমতা হাকিম আদালতের পরিবর্তে দায়রা জজ আদালতকে দেওয়া হয়। ফলে হাকিম বা বিচারিক হাকিম আদালত এসব ধারার মামলায় জামিন বিষয়ে শুনানি গ্রহণ করতে পারছেন না। হাকিম আদালতগুলোকে শুধু মামলার রিমান্ড ও তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এখন এ অপরাধগুলো দুদকের আওতায় যাওয়ায় ম্যাজিস্ট্রেট তা আমলে নিতে পারছেন না।