৩৫টি পরিবার গৃহহীন ৩০ বিঘা জমি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে রাজবাড়ীর দৌলতদিয়া উপজেলায় পাল্লা দিয়ে বাড়ছে নদীভাঙন। গত এক সপ্তাহে নদীভাঙনে দৌলতদিয়া ইউনিয়নের তিনটি গ্রামের অন্তত ৩৫টি পরিবার গৃহহীন ও ৩০ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দৌলতদিয়ার পদ্মার তীরবর্তী বাহিরচর, দৌলতদিয়া, ছাত্তার মেম্বারের পাড়া ও ইসাঈল শিবরামপুর এলাকায় তীব্র নদীভাঙন দেখা গেছে। পানি বাড়ায় ভাঙন তীব্র হয়েছে। ভাঙনের কারণে গত এক সপ্তাহে ইসাঈল শিবরামপুর এলাকার অন্তত ৩০টি পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে গুটিয়ে রেখেছে। তাদের অনেকের বসতভিটা ইতিমধ্যে নদীতে চলে গেছে। বাহিরচর, দৌলতদিয়া ও ছাত্তার মেম্বারের পাড়া এলাকার অন্তত চারটি পরিবার তাদের ঘরবাড়ি ও দোকান অন্যত্র সরিয়ে নিয়েছে। বাহিরচর, দৌলতদিয়া ও ছাত্তার মেম্বারের পাড়া এলাকার আবুল মণ্ডল ও শহিদ খাঁ বলেন, ভাঙনে তাঁদের বাড়িঘর নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় তিন দিন আগে ঘরবাড়ি ভেঙে গুটিয়ে রেখেছেন। এখন কোথায় যাবেন এ চিন্তায় আছেন। বাহিরচর এলাকার রাস্তার পাশের মুদি দোকানদার মান্নান মোল্যা বলেন, ‘যে হারে নদী ভাঙতেছে তাড়াতাড়ি কইরা দোকানডারে সরাইয়া নিইয়া আইলাম। ভাঙতে ভাঙতে নদী রাস্তার চার-পাঁচ হাত দূরে চলে এসেছে।’ যেকোনো মুহূর্তে আশপাশের আরও কয়েকটি দোকান নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, নদীতে পানি বাড়ায় ভাঙন তীব্র হয়েছে। তাঁর ইউপির বাহিরচর, দৌলতদিয়া, ছাত্তার মেম্বারের পাড়া এবং ইসাঈল শিবরামপুর এলাকায় ভাঙনের তীব্রতা অনেক বেশি। তিনি বলেন, নদীভাঙনের কারণে ইসাঈল শিবরামপুর এলাকায় গত সাত দিনে অন্তত ৩০টি ও ছাত্তার মেম্বারের পাড়া এলাকার অন্তত পাঁচটি পরিবার গৃহহীন হয়েছে। ওই তিনটি গ্রামের প্রায় ৩০ বিঘা জমি পদ্মায় বিলীন হয়েছে। অনেকেই ভাঙনের ভয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। ভাঙনকবলিত এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, পানি বাড়ায় অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। কিছু এলাকায় ভাঙন দেখা দেওয়ার কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।