৩৫তম বিসিএস উত্তীর্ণ আরও ১৩৯ জন নন-ক্যাডারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আরও ১৩৯ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার বিকেলে এ সুপারিশ করা হয়। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার পিএসসির একটি বৈঠকের পর ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গতকাল ১৩৯ জনকে নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বেশি করে যেন চাকরি পান, সে জন্য আমরা সচেষ্ট আছি। এখন পর্যন্ত মোট ৬৯৭ জনকে প্রথম শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হলো। ঈদের পর আমরা দ্বিতীয় শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করব। আশা করছি, ৩৫তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের একটা বড় অংশই চাকরি পাবেন। এ ছাড়া কাল মঙ্গলবার কমিশনের বৈঠকের পর ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

৩৫তম বিসিএস থেকে গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৯৮ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। মে মাসে আরও ১৬০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এ নিয়ে মোট ৬৯৭ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হলো।

গত বছরের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হলেও পদস্বল্পতার কারণে ৩ হাজার ৩৫৯ জনকে নন-ক্যাডারের জন্য রাখা হয়। গত বছরের নভেম্বরে তাঁদের নন-ক্যাডারে নিয়োগের জন্য প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়। ২০১০ সাল থেকে বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ জন্য ওই বছরের ১০ মে নন-ক্যাডার বিধিমালা, ২০১০ জারি করা হয়।