৩৫তম বিসিএস নতুন নিয়মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহেই ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হতে পারে। এবার প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা হবে নতুন নিয়মে, ১০০ নম্বরের বদলে হবে ২০০ নম্বরে। এ জন্য নতুন বিধিমালা করা হয়েছে।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘নতুন বিধিমালার গেজেট ছাপা হচ্ছে বলে জানতে পেরেছি। আজ সোমবার এই গেজেট হাতে পাওয়ার দু-এক দিনের মধ্যেই ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত বিধিমালায় বিসিএসের আবেদন ফরমের দাম ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তথা অনগ্রসর অধিবাসীদের জন্য ফরমের দাম ২৫০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এ ছাড়া মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় পাস নম্বর আগের মতোই ৫০ শতাংশ রয়েছে। প্রিলিমিনারিতে আগের মতো প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য আধা নম্বর কাটা যাবে।
বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০০ নম্বরের করাসহ কয়েকটি বিষয়ে নিয়োগবিধি সংশোধন চেয়ে এ বছরই জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পিএসসি। তবে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি ২০০ নম্বর করার সিদ্ধান্ত দেয়। আইন মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) পর বিধিমালাটি যায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে।