৩৫তম বিসিএসের কোটা পূরণ হবে ৩৬ বিসিএসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা, নারী ও ক্ষুদ্র জাতিসত্তার কোটায় পূরণ না হওয়া সংরক্ষিত পদগুলো ৩৬তম বিসিএসের সংশ্লিষ্ট ক্যাডারের শূন্যপদের সঙ্গে যোগ করে তা পূরণ করা হবে।
এ ছাড়া প্রাধিকার কোটার পূরণ না হওয়া পদ সংরক্ষণের বিধান ৩৬তম বিসিএসের জন্য এককালীন শিথিল করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্বিতীয় শ্রেণির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট ও ধাত্রী (মিড ওয়াইফারি) পদ পূরণের জন্য মুক্তিযোদ্ধা কোটা শিথিল করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পূরণ না হওয়া পদগুলো জাতীয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী সাধারণ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে।
প্রাণী হত্যা ও নিষ্ঠুর আচরণ করলে কারাদণ্ড-অর্থদণ্ড
বৈঠকে প্রাণী কল্যাণ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী প্রাণী হত্যা, নিষ্ঠুর আচরণ ও অতিরিক্ত কঠোর পরিশ্রমে বাধ্য করলে বিভিন্ন মেয়াদে (সর্বোচ্চ দুই বছর) কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আইনে সাজা দেওয়া হবে। মেরুদণ্ডী প্রাণী (পশু) এই আইনের আওতামুক্ত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের আইনটি প্রায় অচল। এ জন্য নতুন আইন হচ্ছে। এই আইনে সংঘটিত অপরাধের বিরুদ্ধে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বা তাঁর অনুমোদিত কর্মকর্তা বা পুলিশের উপপরিদর্শক থেকে ঊর্ধ্বতন পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তা এ ধরনের অপরাধের বিরুদ্ধে মামলা করতে পারবেন।
প্রস্তাবিত আইন অনুযায়ী বেওয়ারিশ প্রাণীও হত্যা করা যাবে না। তবে জলাতঙ্কসহ প্রয়োজনীয় কারণে অনুমোদন সাপেক্ষে সিটি করপোরেশন, পৌরসভাসহ সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
মন্ত্রিসভার বৈঠকে আর্থিক ক্ষমতা বাড়িয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া শিশু (সংশোধন) আইন, ২০১৭ ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বলেছেন, বৈঠকে অনির্ধারিত আলোচনায় একাধিক মন্ত্রী চলমান মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কাজে অনিয়মের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং তাঁর হস্তক্ষেপ চান।