৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৮০৩টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ৮০৩টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আবেদনের পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। আর এবারই প্রথম প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ২০০ নম্বরে।

পিএসসি সচিবালয়ে গতকাল মঙ্গলবার বৈঠকের পর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর গেজেট গত সোমবার তাঁরা হাতে পেয়েছেন। এরপর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এবার প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরে।

সাধারণ ক্যাডারে ৪৫৫ পদ: ৩৫তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৪৫৫টি পদ রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০টি, আনসারে চারটি, নিরীক্ষা ও হিসাবে চারটি, সমবায়ে চারটি, ইকোনমিক ক্যাডারে ৪০টি, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১০টি, খাদ্যে দুটি, পররাষ্ট্রে ২০টি, পুলিশে ৫০টি, তথ্যে ১১টি এবং ডাকে ১০টি পদ রয়েছে।

কারিগরি ক্যাডারে মোট পদ রয়েছে ৪৮৪টি। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৩১৭ জন সহকারী সার্জন ও ৫৪ জন সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে। এ ছাড়া বিসিএস শিক্ষা ক্যাডারে ৮২৯ জন প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩৫ জন প্রভাষক নিয়োগ করা হবে। তবে পদসংখ্যা যেকোনো সময় বাড়তে পারে।

অনলাইনে আবেদনপত্র: এবারও অনলাইনে বিসিএসের আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদনপত্র পূরণ করা যাবে। আবেদন পূরণের শেষ তারিখ আগামী ৩০ অক্টোবর। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র নেওয়া হবে না। পরীক্ষার ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী ও উপজাতীয়দের জন্য ১০০ টাকা। সরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরে: এবারই প্রথম ২০০ নম্বরে প্রাথমিক বাছাই পরীক্ষা হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫, গাণিতিক যুক্তিতে ১৫, মানসিক দক্ষতায় ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১০ নম্বর থাকবে।

লিখিত পরীক্ষা ৯০০ নম্বরে, মৌখিকে ২০০: সাধারণ ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ২০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০০, আন্তর্জাতিক বিষয়ে ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বরে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। কারিগরি ক্যাডারের জন্য বাংলায় ১০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০০, গাণিতিক যুক্তিতে ১০০ এবং সংশ্লিষ্ট পদের বিষয়ে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। উত্তীর্ণদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।