ঢাকার সাভারের উলাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ভাঙচুর ও লুটপাটসহ পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় সাড়ে তিন হাজার শ্রমিককে আসামি করা হয়েছে।
দুই নারী শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার গুজবে উলাইলের আল-মুসলিম গ্রুপের শ্রমিকেরা রোববার সকালে পাশের ফায়ার স্টেশনে হামলা চালিয়ে যানবাহনসহ কর্মকর্তাদের বাসভবন ও ফায়ার সার্ভিস কর্মীদের ব্যারাকে ভাঙচুর ও লুটপাট করেন। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান।
ওই ঘটনায় রাতেই মামলা করেন সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান। এজাহারে বলা হয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের আল-মুসলিম গ্রুপের শ্রমিকেরা হামলা চালিয়ে যানবাহন, কার্যালয়, ফায়ার সার্ভিস কর্মীদের ব্যারাকসহ তাঁর বাসভবনে ভাঙচুর ও লুটপাট করে আড়াই কোটি টাকার ওপর ক্ষতি সাধন করেছেন। মামলায় অজ্ঞাতনামা এক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে।
অপরদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় সাভার মডেল থানার এসআই আবুল কাশেমের করা মামলায় আল-মুসলিম গ্রুপের অজ্ঞাতনামা আড়াই হাজার শ্রমিককে আসামি করা হয়েছে।