৩৫১১ কোটি টাকার সাত প্রকল্প একনেকে অনুমোদন
তিন হাজার ৫১১ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ১ হাজার ৫৩ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসাবে পাওয়া যাবে ২ হাজার ৪১ কোটি টাকা। অবশিষ্ট ৪১৭ কোটি টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে দেবে।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের সভার বিষয়ে অবহিত করেন।
গতকাল একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো ২ হাজার ৫১৯ কোটি টাকার ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প, ৫৩৭ কোটি টাকার উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (ষষ্ঠ পর্যায়) প্রকল্প, ১২৩ কোটি টাকার বিনিয়োগ বোর্ডের প্রধান কার্যালয়ের জন্য ৩ বেজমেন্টের ১৪ তলা ভবন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প, ২২৫ কোটি টাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চট্টগ্রাম (অক্সিজেন সার্কেল) হাটহাজারী অংশের ডিভাইডারসহ প্রশস্তকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প, ২৮ কোটি টাকার পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ৩৫ কোটি টাকার সায়েদাবাদ ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ প্রকল্প এবং ৪১ কোটি টাকায় তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান এবং বিকেএসপিতে ক্রীড়া সুযোগ-সুবিধার আধুনিকীকরণ প্রকল্প।
একনেকের এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।