৩৫২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
সকাল ১০টা। শিক্ষক রীতা হাওলাদার একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদান শুরু করেন। এরপর ছুটে যান অন্য একটি শ্রেণিকক্ষে। গত মঙ্গলবার পটুয়াখালীর সদর উপজেলার ৭৯ নম্বর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা গেছে।
রীতা হাওলাদার বলেন, তাঁদের বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ১০০ জন। প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ রয়েছে পাঁচটি। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে একা কর্মরত ছিলেন। একাই প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই শিফটে ছয়টি শ্রেণিকক্ষে পাঠদান করতে হতো। মাঝেমধ্যে প্রেষণে শিক্ষক দেওয়া হয়। বর্তমানে কর্মরত রয়েছেন দুজন। তিনি (রীতা) ও প্রাক্-প্রাথমিকে শিক্ষক এস এম শাহাবুদ্দিন খালেক।
প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষক রীতা হাওলাদারকেই প্রধান শিক্ষকের কাজ করতে হয়। পাঠদানের পাশাপাশি তাঁকে দাপ্তরিক ও প্রশাসনিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। তিনি বলেন, সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঠদান চলে। প্রভাতি শাখা ও দিবা শাখায় মোট ছয়টি শ্রেণিতে কার্যক্রম চালাতে হয়। দাপ্তরিক কাজ কিংবা মাসিক সভায় যোগ দিতে জেলা সদরে যাওয়া হলে অন্য শিক্ষক সব শ্রেণিতে পাঠদান করেন।
উপজেলার ৮৪ নম্বর ভাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, সেখানেও দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য। সহকারী শিক্ষক মোসা. আয়েশা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রায় ১০০ শিক্ষার্থী তাঁর বিদ্যালয়ে। শিক্ষক রয়েছেন তিনজন। এর মধ্যে দাপ্তরিক কাজে প্রায়ই তাঁকে জেলা শহরে ছুটতে হচ্ছে। এভাবেই চলছে তাঁদের শিক্ষা কার্যক্রম।
শুধু এই দুটি বিদ্যালয়েই নয়, জেলার ১ হাজার ২৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫২টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকেরাই এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষক-সংকটের কারণে জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন জাতীয়করণের প্রাথমিক বিদ্যালয়সহ জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ২৩৩টি। এর মধ্যে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১ হাজার ২৪টি। কিন্তু কর্মরত আছেন ৬৭২ জন। ৩৫২টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৪ হাজার ৪৩২ জন সহকারী শিক্ষকের পদের অনুমোদন থাকলেও কর্মরত আছেন ৪ হাজার ২০৫ জন। শূন্য রয়েছে ২২৭টি পদ।
সদর উপজেলা প্রাথমিক কার্যালয় থেকে জানা গেছে, এই উপজেলায় ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০টিতেই প্রধান শিক্ষক নেই। বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পাঁচটি পদ থাকলেও সেখানে দুজন শিক্ষক রয়েছেন। উত্তর কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কর্মরত আছেন মাত্র দুজন।
জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান বলেন, ২০১৪ সালের মার্চে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার পর থেকে প্রধান শিক্ষকের পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না। আসলে প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের কার্যক্রম চলছে।