৩৫৭ জন রোহিঙ্গা আটক, ছয় শতাধিক ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে গতকাল রোববার আরও অন্তত দেড় হাজার রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় এসেছে। তাঁদের মধ্যে ৩৫৭ জনকে আটক করেছে বিজিবি। নৌকা নিয়ে ঢোকার সময় ছয় শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র বলেছে, ভোরে নাফ নদী পেরিয়ে টেকনাফের নীলা এলাকায় ঢোকেন ছয় শতাধিক রোহিঙ্গা। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ রোহিঙ্গা হ্নীলা বাজারের উত্তর পাশের খোলা জায়গায় বসে বাসের জন্য অপেক্ষা করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে ৭৩ পরিবারের ৩৫৭ জন রোহিঙ্গাকে আটক করেন। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তবে বিজিবি পৌঁছার আগে অনেক রোহিঙ্গা অন্যত্র সরে পড়ে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, হ্নীলা বাজারের উত্তর পাশে রোহিঙ্গাদের জড়ো হওয়ার খবর পেয়ে বিজিবি সেখানে গিয়ে ৩৫৭ জন রোহিঙ্গাকে আটক করেছে। তাঁরা রাখাইন রাজ্যের খেয়ারিপ্রাং, নাকপুরা, বুড়া শিকদারপাড়া ও নাইছাপ্রাং গ্রামের বাসিন্দা। রাতেই তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিজিবি সদস্যরা আটক রোহিঙ্গাদের মধ্যে কলা, পাউরুটি ও পানির বোতল বিতরণ করছেন। কয়েকজন রোহিঙ্গা নারী-শিশু কান্নাকাটি করছে।

সেখানে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম।

আটক রোহিঙ্গা নূর আয়েশা (৫৮) বলেন, ‘প্রাণ বাঁচাতে আমরা বাংলাদেশে পালিয়ে এসেছি। নাডালা বাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে অত্যাচার শুরু করেছে। ঘরবাড়িতে আগুন দিচ্ছে। সেখানকার সেনা ও পুলিশ নাডালা বাহিনীর রাখাইন সদস্যদের সহায়তা করছে। আমরা ফিরে যেতে চাই না।’

এ সময় নূর আয়েশার দুই নাতি রহিম উল্লাহ (১১) ও হাবিব উল্লাহ (৯) কান্নাকাটি করে। তারা বলে, মগ সেনারা তাদের বাবাকে গুলি করে হত্যা করেছে। ফেরত পাঠালে তাদেরও গুলি করবে।

বেশ কয়েকজন রোহিঙ্গা বলেন, ‘নাডালা’ বেসরকারি একটি বাহিনী।

স্থানীয় সূত্র বলেছে, গতকাল টেকনাফের শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, ঘোলাপাড়া, জালিয়াপাড়া, নাইটংপাড়া, লেদা, নীলা, হোয়াইক্যং, উনচিপ্রাং এবং উখিয়ার বালুখালী, পালংখালীর বিভিন্ন স্থান দিয়ে অন্তত দেড় হাজার রোহিঙ্গা ঢুকেছে। এর মধ্যে প্রায় ৯০০ জন আশ্রয় নেয় টেকনাফের লেদা ও উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে। অন্যরা কক্সবাজার শহরের দিকে চলে গেছে।

ভোররাতে হ্নীলায় প্রবেশ করেন রাখাইনের বুড়াসিকদারপাড়ার আসাদুল্লাহ (৪৫)। তাঁর সঙ্গে নৌকায় ছিলেন ১৮ জন নারী, শিশু ও পুরুষ।

লেদা রোহিঙ্গা বস্তির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, গতকাল টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার খানেক রোহিঙ্গা ঢুকেছে। আরও ৩৪টি নৌকায় প্রায় ৬০০ রোহিঙ্গা নাফ নদীতে ভাসছে।

৪৩ নৌকাসহ ছয় শতাধিক রোহিঙ্গাকে ফেরত: টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ভোরে টেকনাফ পৌরসভা, দমদমিয়া ও হ্নীলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৩৪টি নৌকাবোঝাই ছয় শতাধিক রোহিঙ্গাকে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। একই সময় উখিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশের সময় বিজিবি ৩৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে।