৩৫৮টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নেই

দেশে ৩৫৮টি ইউনিয়নে এখনো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নেই। এ ছাড়া চালু থাকা ১৭ শতাংশ কেন্দ্রের অবস্থা খুব খারাপ। সরকার যখন স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ প্রসব বৃদ্ধির কথা বলছে, তখন এক জরিপে এ চিত্র দেখা গেছে।
ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবাকেন্দ্রের পরিস্থিতি নিয়ে এই জরিপ করেছে সেভ দ্য চিলড্রেন। এতে সহায়তা দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই জরিপের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
দেশে ইউনিয়ন পরিষদ আছে ৪ হাজার ৫৫০টি। এর মধ্যে ৩৫৮টি ইউনিয়নে কোনো স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নেই। আর চালু থাকা ৩ হাজার ৫৯০টি কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে গতকালের সভায় উপস্থাপন করা হয়। তাতে দেখা গেছে, ১৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা খুবই খারাপ অথবা যাওয়ার রাস্তাই নেই। এগুলোতে পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পাওয়া যায় না, প্রসব করানোর ব্যবস্থা নেই, বিদ্যুতের সংযোগ ও টয়লেট নেই। এগুলোর ব্যাপক সংস্কার দরকার। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জরিপের তথ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা করে বলেন, পাশাপাশি একাধিক স্বাস্থ্যকেন্দ্র থাকার দরকার নেই। অপ্রয়োজনীয় কেন্দ্র বন্ধ করে সেবার মান বাড়াতে হবে। সরকারি হাসপাতালে সেবা পেলে দরিদ্র মানুষ ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকে যাবে না। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মীদের সম্পর্ক ‘সতিনের’ উল্লেখ করে তিনি বলেন, দুই অধিদপ্তর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করলে পরিস্থিতি অনেক বদলে যাবে।
জরিপের ফলাফল ও বিশ্লেষণ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক ইশতিয়াক মান্নান। উপস্থাপনায় দেখা যায়, দেশের ৩০ শতাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে বিদ্যুতের সংযোগ নেই। ৫১ শতাংশ কেন্দ্রে পানির সরবরাহ নেই। এর মধ্যে ২১ শতাংশ কেন্দ্রে পরিবারকল্যাণ কর্মীর আবাসস্থল ভালো অবস্থায় আছে। ইশতিয়াক মান্নান বলেন, বাড়তি কিছু সহায়তা দিলে ৮৩ শতাংশ কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসবসেবা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা) মোহাম্মদ শরিফ বলেন, প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সরকার ইউনিয়ন পর্যায়ের সেবাকেন্দ্রের সক্ষমতা বাড়াতে চায়। সে জন্য পরিস্থিতি জানতে এই জরিপ করা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইউএসএআইডির পরিচালক (স্বাস্থ্য ও জনসংখ্যা) মেলিসা জোনস প্রমুখ বক্তব্য দেন।