৩৬ কাউন্সিলর প্রার্থীর ২৪ জনই এসএসসিও পাস করেননি
২৮ ডিসেম্বর বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ২৪ জনই এসএসসি পাস করতে পারেননি। বাকি ১২ জনের মধ্যে দুজন স্নাতক, চারজন এইসএসসি এবং ছয়জন এসএসসি পাস করেছেন।
এ ছাড়া পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে তিনজন স্নাতক, একজন এসএসসি এবং একজন অষ্টম শ্রেণি পাস।
অধিকাংশ প্রার্থী কম শিক্ষিত হওয়ায় পৌর এলাকার শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ভোটাররা। ১৫ থেকে ২০ জন ভোটার অভিযোগ করেন, কম শিক্ষিত লোক নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে এলাকায় উন্নয়ন ও সমাজের শিক্ষিত মানুষকে যথাযথ মূল্যায়ন করতে পারবেন না।
প্রার্থীদের মনোনয়নপত্রের হলফনামা সূত্রে জানা যায়, নয়টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০ জন প্রার্থী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। চারজন পঞ্চম শ্রেণি ও ১০ জন অস্টম শ্রেণি পাস করেছেন। ছয়জন এসএসসি, চারজন এইচএসসি ও মাত্র দুজন স্নাতক পাস করেছেন।
স্বাক্ষরজ্ঞান পর্যায়ে শিক্ষিত ছয়-সাতজন প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষিত মানুষের চেয়ে কম লেখাপড়ার মানুষই তুলনামূলকভাবে বেশি সৎ। তাঁরা শিক্ষিত লোকজনকে মেনে চলবেন। তবে প্রার্থীর শিক্ষার সঙ্গে এলাকার উন্নয়নের কোনো সম্পর্ক নেই।
উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘এখনকার নির্বাচন মানেই ভোটারদের হাত-পা ধরে ভোট চাওয়া এবং টাকা খরচ করে ভোট নেওয়া। এ কারণে শিক্ষিত লোকজন নির্বাচন করতে চান না।’
জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘সমাজের উন্নয়নে শিক্ষিত মানুষের প্রয়োজন। যেভাবে অশিক্ষিত লোকজন ভোট করতে নেমেছেন, তাতে শিক্ষিত মানুষ মানসম্মানের ভয়ে নির্বাচনে যেতে চান না। জনপ্রতিনিধিদের শিক্ষিত হওয়া প্রয়োজন।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মজিদ বলেন, নির্বাচনে যেভাবে কালোটাকার খেলা হয়, তাতে শিক্ষিত মানুষের টিকে থাকা কঠিন। জনপ্রতিনিধিদের শিক্ষার দৌড় দেখে সে এলাকার মানুষের জীবনযাপনের মান হিসাব করা হয়।