৩৬ ঘণ্টা সরবরাহ বন্ধ, বিদ্যুৎকেন্দ্রে হামলা
বিদ্যুতের দাবিতে পৌর এলাকার আলীনগর-ভুতপুকুর মহল্লার ক্ষুব্ধ মানুষজন বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না পেয়ে তাঁরা এ হামলা চালান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা, বিদ্যুৎ বিভাগ চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভুতপুকুরের ৫০-৬০ জন বিদ্যুৎকেন্দ্রের গেটের কাছে এসে বিদ্যুতের দাবিতে চিৎকার করেন ও তালা মেরে রাখা গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। একপর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের অভিযোগ কেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করেন। এতে করে অভিযোগ কেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষের কাচের জানালা ভেঙে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভুতপুকুর এলাকার ৫০ কেভির একটি বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে ট্রান্সফরমারটি মেরামত করা হয়। কিন্তু ঘণ্টা দুয়েক পর আবার তা বিকল হয়ে যায়। এতে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ মানুষজন একত্র হয়ে বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।আরও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত বিকল ট্রান্সফরমারটি বিদ্যুৎকেন্দ্রের লোকজন মেরামত করতে যেতে পারেননি।