৩৬ ঘণ্টা সাগরে ভেসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের আশ্রয়কেন্দ্রে দুই বাংলাদেশি সাইফুল ইসলাম (বাঁয়ে) ও হাবিবুর রহমান l ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের আশ্রয়কেন্দ্রে দুই বাংলাদেশি সাইফুল ইসলাম (বাঁয়ে) ও হাবিবুর রহমান l ছবি: এএফপি

সাগরে ভেসে চলা জাহাজের ডেকে চলছে খাবার বিতরণ। তা নিয়ে ক্ষুধার্ত অভিবাসীদের হুড়োহুড়ি। এর মধ্যে ছিলেন বাংলাদেশি দুই বাল্যবন্ধু হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম। হুড়োহুড়ির একপর্যায়ে হাবিবুরকে সাগরে ফেলে দিল কয়েকজন। হতবিহ্বল সাইফুল। কিছুক্ষণ পর তারা তাঁকেও ফেলে দিল। শুরু হলো দুই বন্ধুর ৩৬ ঘণ্টা সাগরে ভেসে জীবন বাঁচানোর যুদ্ধ।
মালয়েশিয়া অভিমুখে অথই সাগরে পাড়ি জমানো হাজার হাজার বাংলাদেশি ও রোহিঙ্গার মধ্যে বেঁচে থাকা সৌভাগ্যবানদেরই দুজন হলেন হাবিবুর (৩০) ও সাইফুল (৩০)। গত সোমবার ইন্দোনেশিয়ার আচেহ উপকূল থেকে উদ্ধার হন তাঁরা। এদিন অন্য একটি জাহাজ থেকে আরও কয়েক শ জনকে উদ্ধার করে কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়ার পর আচেহর লকসুকোন এলাকায় বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ দুই বাংলাদেশি বর্ণনা করেন তাঁদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা।
পাবনার হাবিবুর (৩০) ও সাইফুল (৩০) বাল্যবন্ধু। ভাঙাচোরা জাহাজে চড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন তাঁরা। জাহাজে ছিলেন তাঁদের মতোই ভাগ্যান্বেষী শত শত বাংলাদেশি ও রোহিঙ্গা। এরই মধ্যে একদিন ক্ষুধার জ্বালা সইতে পারছিলেন না হাবিবুর। তাই খাবার নিতে হুড়োহুড়িতে যোগ দেন তিনি। চেষ্টা করেন নিজের ভাগে কিছুটা খাবার জোটাতে। আর তখনই উত্তেজিত কয়েকজন তাঁকে ধরে সোজা জাহাজ থেকে ছুড়ে ফেলে পানিতে। এ দৃশ্য সচক্ষে দেখতে হলো সাইফুলকে। কিছুই করতে পারলেন না। কিছুক্ষণ পর বন্ধু হাবিবুরের মতোই তিনিও নিজেকে পেলেন পানিতে। লোকেরা যে তাঁকেও সাগরে ফেলে দিয়েছে।
হাবিবুর ও সাইফুল বলেন, সাগরে দীর্ঘ ৩৬ ঘণ্টা ভেসে থাকার পর সৌভাগ্যক্রমে কূলে সাঁতরে উঠে বেঁচে যান তাঁরা। এর আগে সাগরে ছুড়ে ফেলার পর তাঁদের চিৎকার আর কান্না কেউ শোনেননি। তাঁদের রেখেই জাহাজটি চলে যায় অন্যদিকে। পরনের জামাকাপড় দিয়ে এ দেড়টা দিন প্রাণপণ চেষ্টা করে তাঁরা ভেসে ছিলেন।
দুজন জানান, শরীরে যখন সইছিল না তখন সাগরের নোনা পানি খেয়েছেন। কখনো দূর দিগন্ত ধরে চলা মাছধরা নৌকার দিকে তাকিয়ে ইশারা করেছেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে উদ্দেশ্যহীন পথেই সাঁতরেছেন। এভাবে প্রায় দেড় দিন পার হওয়ার পর দ্বিতীয় সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলে চেতনা হারান। রাতে চেতনা ফিরলে দূরে টাওয়ারের আলো দেখতে পান। পরে সাঁতরে কূলে ওঠেন।
হাবিবুর ও সাইফুল আরও জানান, গত এপ্রিলের শুরুতে ঢাকা থেকে চট্টগ্রাম যান তাঁরা। সেখান থেকে মালয়েশিয়ার উদ্দেশে আরও কয়েকজনের সঙ্গে ছোট একটি নৌকায় ওঠেন। পরে একটি জাহাজে তোলা হয় তাঁদের। ৩০০ জন হওয়ার জন্য জাহাজটি এক সপ্তাহ সেখানেই ছিল। পরে জাহাজটি ছাড়লে ভেবেছিলেন, স্বপ্নের মালয়েশিয়া যেতে পাঁচ দিন লাগবে। দূর সাগরে যাওয়ার পর এল আরেকটি জাহাজ। সেখান থেকে তাঁদের জাহাজটিতে তোলা হলো আরও কয়েক শ জনকে। এতে মনে হলো, জাহাজটি যেন আর ভার বইতে পারছে না। হাবিবুর বলেন, ‘আমি জাহাজের ক্রুদের আলাপে শুনেছি, যাত্রীসংখ্যা ৯০০ তে পৌঁছেছে।’ তিনি আরও বলেন, এই জাহাজটিকেই গত মঙ্গলবার আচেহ উপকূলের কাছাকাছি আটক করা হয়। সে সময়টাতে জাহাজে ছিলেন ৪০০ জন। পরে জাহাজটিকে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ মালয়েশিয়ার দিকে পাঠিয়ে দেয়।