পুলিশের সাবেক কর্মকর্তা ফজলুল করিম খান খুন হওয়ার ৩৬ ঘণ্টার মাথায় গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রামপুরা থানায় হত্যা মামলা হয়েছে। নিহত ফজলুল করিমের জামাতা আইনজীবী মকিমউদ্দিন খান জাহান আলী বাদী হয়ে এ মামলা করেন। রামপুরা থানা সূত্র জানায়, মামলায় অজ্ঞাতনামা তিন অস্ত্রধারীকে আসামি করা হয়েছে। তবে এজাহারে হত্যাকাণ্ডের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তিন দিন পর গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামানকে। ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার রাতেই মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, ২০০০ সালে ফজলুল করিম ডিবি কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত করেছেন। রামপুরা এলাকায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এ ছাড়া মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে ফজলুল করিমের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর ভাইয়ের ছেলেদের বিরোধ চলছিল। এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে স্থানীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে বলে ডিবির কাছে তথ্য রয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ফজলুল করিমের গাড়িচালক লিটন জিজ্ঞাসাবাদে বলেছেন, হত্যাকারীদের সামনে আনা হলে তিনি তাদের শনাক্ত করতে পারবেন।