দুদিন আগেও ছিল জনবহুল লোকালয়। আড়াই শ বসতবাড়িতে ছিল প্রায় দেড় হাজার মানুষের বসবাস। পাশেই ছিল মাঠভরা ফসল। এখন আর কোনো কিছুর চিহ্ন নেই সেখানে। চারদিকে শুধু থইথই পানি। প্রমত্তা যমুনার প্রবল স্রোত বইছে সেখানে। ৩৬ ঘণ্টা ব্যবধানে যমুনার ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চর চকরতিনা গ্রাম।
সোমবার রাত থেকে যমুনা ফুঁসে ওঠে। ভাঙনের কবলে পড়ে দুর্গম চরের চকরতিনাসহ কর্নিবাড়ি, শিমুলবাড়ি, ধনারপাড়া, কমরজাপাড়া, দীঘাপাড়া ও ভাঙ্গুরগাছা গ্রাম। বসতভিটা হারিয়ে সাতটি গ্রামের প্রায় এক হাজার ২০০ পরিবারের ৬ হাজার মানুষ হয়ে পড়েছে আশ্রয়হারা। পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, চাল-ডাল, গরু-ছাগল ও গাছপালা। গত দুদিনে এখানকার প্রায় আধা কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। নদীতে তলিয়ে গেছে কয়েক শ বিঘা ফসলি জমি, মসজিদ, কবরস্থানসহ নানা স্থাপনা। হুমকির মুখে রয়েছে চকরতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে যমুনার ভাঙনে গত তিন দিনে উপজেলার চর কাজলা ইউনিয়নের উত্তর টেংরাকুরা, বেড়া পাঁচবাড়িয়া, পাকুরিয়া ও চর ঘাগুয়ার ৩০০ বাড়িঘর বিলীন হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রাশেদ মোশারফ।
গতকাল বুধবার উপজেলার কালিতলাঘাট থেকে নৌকায় করে চকরতিনা গ্রামের উদ্দেশে রওনা হন এ প্রতিবেদক। উত্তাল যমুনা সোয়া ঘণ্টা পাড়ি দিয়ে দুপুর ১২টার দিকে গন্তব্যের দেখা মেলে। কিন্তু সেখানে লোকালয়ের কোনো চিহ্ন চোখে পড়ল না। একটু তীরবর্তী স্থানে এগিয়ে গিয়ে দেখা গেল, নদীতে হাবুডুবু খাচ্ছে কিছু কলাগাছ, বাঁশঝাড়, গাছপালা ও খড়ের পালা। পানিতে ভাসছে ঘটিবাটি, পুরোনো কাপড়, পলিথিন ও বোতল। প্রবল স্রোতে ভাঙছে নদীর তীর। ২০০ গজ দূরে দেখা গেল, চকরতিনা গ্রামের কিছু লোকজন টিনের বেড়া, গরু-ছাগল, ঘরের আসবাব নৌকায় তুলছেন। চারদিকে পানি। উঁচু জায়গা না থাকায় অনেক পরিবার গবাদিপশু নিয়ে দুর্ভোগে পড়েছে। দুদিন ধরে ভেজা কাপড়ে থাকায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
নৌকা দেখে এগিয়ে এলেন চকরতিনা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশিদ। গতকালও নদীতীরে বসতভিটা ছিল তাঁর। রাতে স্রোতের তোড়ে ভেসে গেছে। আবদুর রশিদ বলেন, ‘গত সোমবারও চকরতিনা গ্রামে আড়াই শ পরিবারের ঘরবাড়ি ছিল। রাত থেকে যমুনার ভাঙ শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সব বাড়ি বিলীন হয়ে গেছে। অনেকে ঘরের চালা, কিছু মালামাল, পরিবারের সদস্য আর গরু নৌকায় তুলে পাশের চরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেখানেও থইথই পানি। উঁচু জায়গা নেই।’
চকরতিনা গ্রামের আনছার আলী প্রামাণিকের (৮০) বসতবাড়িও নদীতে বিলীন হয়েছে। গ্রামের পাশে উঁচু একটি স্থানে গালে হাত দিয়ে নিশ্চিহ্ন বসতভিটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন তিনি। আনছার আলী বলেন, ‘মধ্যরাতে যমুনার প্রবল স্রোতের গর্জনে ঘুম ভাঙে। কোনোরকমে পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। মঙ্গলবার সকালে এসে দেখি বসতভিটার চিহ্ন নেই। এক দিন আগে ছিলাম গৃহস্থ। এখন পথের ভিখারি।’
পানিবন্দী সুজায়েতপুর চরে গিয়ে দেখা গেল, নদীগর্ভে বিলীন গ্রামগুলোর বেশ কিছু মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। মুক্তা বেগম নামের একজন গৃহবধূ বলেন, ‘কোনোরকমে ঘরের বেড়া আর কিছু মালামাল নৌকায় তুলে এনেছি। দুদিন ধরে গোটা পরিবার অনাহারে। রান্নার কোনো উপায় নেই। কেউ ত্রাণও দেয়নি।’
নৌকায় ঘুরে দেখা যায়, ভাঙন অব্যাহত রয়েছে। চকরতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাত দূরে নদী চলে এসেছে। করমজাপাড়া ও কর্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বিলীন হওয়ার অপেক্ষায়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, যমুনার প্রবল ভাঙনে চকরতিনা ছাড়াও দুর্গম চরাঞ্চলের বেশ কিছু গ্রাম বিলীন হয়েছে। এসব পরিবারের মাঝে গতকাল এক হাজার প্যাকেট চিড়া, গুড়, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।