৩৬ ঘণ্টায় ৪৫ হাজার টন বর্জ্য অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য যত হোক না কেন তা ৩৬ ঘণ্টার মধ্যেই সরানো হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর প্রস্তুতি হিসেবে পশু জবাইয়ের স্থান নির্ধারণ এবং বর্জ্য রাখার ব্যাগ বিতরণ করা হয়েছে।
বর্জ্য অপসারণে সুবিধার জন্য রাজধানীতে পশু কোরবানির ৫৯৮টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৭১টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৩২৭টি স্থান আছে। তালিকায় প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথও আছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, যেসব স্থানে পশু কোরবানির জন্য কোনো খোলা জায়গা বা মাঠ খুঁজে পাওয়া যায়নি, সেসব স্থানে সড়কের ওপর পশু কোরবানি দেওয়া যাবে। সড়ক থেকে দ্রুত ময়লা পরিষ্কার করে তা চলাচলের উপযোগী করে দেবে সিটি করপোরেশন।
ধারণা করা হচ্ছে, এবার কোরবানির বর্জ্য হবে প্রায় ৪৫ হাজার টন। বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটি করপোরেশনের প্রায় ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করবেন। এ জন্য সব পরিচ্ছন্নতাকর্মীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিন বেলা দুইটা থেকেই পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ শুরু করবেন। দুই সিটির মেয়ররা নিজ নিজ এলাকায় বর্জ্য অপসারণের কার্যক্রম উদ্বোধন করবেন।
কোরবানির বর্জ্য ধারণের জন্য দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় চার লাখ পলিথিন ব্যাগ বিতরণ করা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এসব ব্যাগ এলাকায় এলাকায় বিতরণ করা হচ্ছে। ব্যাগে বর্জ্য রেখে তা করপোরেশনের কর্মীদের কাছে দেওয়ার অনুরোধ জানিয়েছে সিটি করপোরেশন।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সম্প্রতি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা আমাদের চ্যালেঞ্জ। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পশুর হাট ও করপোরেশনের এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘গত বছর আমরা ৩৬ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করেছিলাম। এবার ৪৮ ঘণ্টা নির্ধারণ করা হলেও ৩৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হবে। পলিথিন ব্যাগ বিতরণ করা হচ্ছে। আমাদের সাত হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে থাকবে।’