মাত্র তিনজন চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। এর মধ্যে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের তেমন কোনো কাজ না থাকায় একজন চিকিৎসকই পুরো হাসপাতাল সামলাচ্ছেন। ফলে সাধারণ রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার সরেজমিনে জানা গেছে, সদর উপজেলার আনারুল (৬০) শ্বাসকষ্টজনিত রোগে পুরুষ ওয়ার্ডে ভর্তি হয়েছেন চার দিন আগে। তিনি বলেন, ‘ডাক্তারের অভাবে হাসপাতালত কোনো চিকিৎসা পাই না। একনা ডাক্তার রোগী দেখিতে তাল পায় না।’ তেঁতুলিয়ার নয়াবাড়ি থেকে এক মাসের শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সপুরা। তিনি বলেন, ‘কোনো শিশু-ডাক্তার নাই। দিনে একবার করে ডাক্তার এসে দেখে যাচ্ছে।’ আটোয়ারীর তোড়িয়ার ফাতেমাসহ বেশ কয়েকজন চিকিৎসককে দেখানোর জন্য দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অপেক্ষা করছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের মোট পদ ৩৬টি। এর মধ্যে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি ও জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) কর্মরত আছেন। বাকি ৩৩টি পদ শূন্য রয়েছে। এগুলো হলো চিকিৎসা কর্মকর্তা চারটি, জরুরি চিকিৎসা কর্মকর্তা তিনটি, সহকারী সার্জন সাতটি, প্যাথলজিস্ট একটি, ডেন্টাল সার্জন একটি, জুনিয়র কনসালট্যান্ট ১০টি এবং সিনিয়র কনসালট্যান্ট সাতটি।জুনিয়র কনসালট্যান্ট অবেদনবিদ ধীরেন্দ্রনাথ রায় বলেন, ‘অস্ত্রোপচার না হলে আমার কোনো কাজ নেই। তাই প্রতিদিন হাসপাতালে এসে ফিরে যাচ্ছি।’ জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি মোশারফ হোসেন বলেন, ‘হাসপাতালে নিয়মিত বসি এবং হূদরোগী এলে আমি দেখি ও পরামর্শ দিই।’আরএমও মো. বাহারাম আলী জানান, চিকিৎসকস্বল্পতার কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিতে আসে। বিভিন্ন ওয়ার্ডে রোগী আছে শতাধিক। বাইরে থেকে দুজন চিকিৎসক এনে কোনোমতে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। মাত্র তিনজন চিকিৎসক দিয়ে একটি আধুনিক হাসপাতাল চালানো কোনোভাবেই সম্ভব নয়। চিকিৎসক চেয়ে মন্ত্রণালয়ে বারবার চিঠি দেওয়া হলেও কোনো চিকিৎসক দেওয়া হচ্ছে না। অপারেশন থিয়েটারে আধুনিক যন্ত্রপাতি থাকলেও শল্য (সার্জারি) চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় ছোট জেলা এবং প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ কম থাকায় এখানে কোনো চিকিৎসক আসতে চান না। এ জন্য ঢাকা থেকে এখানে চিকিৎসকদের পদায়ন করা হলেও তাঁরা তদবির করে অন্য জেলায় চলে যান। আবার বাধ্য হয়ে কেউ এলেও দু-তিন মাসের বেশি থাকেন না।ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম বদরুজ্জামান বলেন, ‘হাসপাতালের কাজ কোনো রকমে চালিয়ে নিচ্ছি। আশা করছি, শিগগিরই চিকিৎসক দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।’